নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চালু হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। এর মাধ্যমে নিজের ব্যবসা করার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে রাজ্যের তরফে। পাশাপাশি রাজ্যে বিনিয়োগের লক্ষ্যে আগ্রহ দেখাচ্ছে দেশ বিদেশের বহু সংস্থা। সমস্ত ক্ষেত্রেই রাজ্যে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক, যা বর্তমানে অনলাইনে এক ক্লিকেই পাওয়া যায়। কিন্তু রাজ্যের কিছু পুরসভায় ট্রেড লাইসেন্স প্রদান করার জন্য আইনত যত টাকা নেওয়া উচিত, তার বাইরে গিয়েও অ্যাপ্লিকেশন ফি বা আবেদন করার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনা নজরে এসেছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের। এই ঘটনার কথা জানতে পেরেই তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করল দপ্তর। একেবারে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোনওরকম বাড়তি টাকা নিতে পারবে না পুরসভাগুলি। ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ বা রিনিউওয়ালের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে।
প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে অতিরিক্ত কর আদায় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিয়েছিলেন, কোনওভাবেই পুর বা পঞ্চায়েত এলাকায় বাড়তি করের বোঝা চাপানো যাবে না। এই প্রেক্ষাপটে পুর ও নগরোন্নয়ন দপ্তরের এই নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি-র মতো কোনও অর্থ না নেওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি কোনও ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা নেওয়া যাবে, তারও উল্লেখ বিজ্ঞপ্তিতে করে দেওয়া হয়েছে দপ্তরের তরফে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ীই এই বাবদ সর্বোচ্চ কত টাকা নেওয়া যাবে, তা ধার্য রয়েছে। সমস্ত পুরসভা, নোটিফায়েড এরিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ এলাকার জন্য এক বছরে সর্বাধিক দেড় হাজার টাকা নেওয়া যেতে পারে। কলকাতা, হাওড়া, আসানসোল, বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং দুর্গাপুর পুরসভা এলাকায় এই অঙ্ক হল আড়াই হাজার টাকা।
জানা গিয়েছে, ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে রাজ্যের প্রতিটি পুরসভায়। যার ভিত্তিতে পদক্ষেপও নেওয়া শুরু করেছে সংশ্লিষ্ট পুরসভাগুলি।