Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উড়তে পারল না হেলিকপ্টার ছাতেন-লাচেনে আটকে পর্যটকরা

প্রবল বৃষ্টি। সঙ্গে কুয়াশা। বারবার চেষ্টা করেও পাকিয়ং বিমানবন্দর থেকে উড়তে পারল না হেলিকপ্টার। ফলে বুধবারও ধস বিধ্বস্ত লাচেন ও ছাতেনে আটকে থাকা শতাধিক পর্যটককে এয়ারলিফ্ট করা সম্ভব হল না। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ওইসব পর্যটকের পরিবার।

উড়তে পারল না হেলিকপ্টার ছাতেন-লাচেনে আটকে পর্যটকরা
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, নাগরাকাটা: প্রবল বৃষ্টি। সঙ্গে কুয়াশা। বারবার চেষ্টা করেও পাকিয়ং বিমানবন্দর থেকে উড়তে পারল না হেলিকপ্টার। ফলে বুধবারও ধস বিধ্বস্ত লাচেন ও ছাতেনে আটকে থাকা শতাধিক পর্যটককে এয়ারলিফ্ট করা সম্ভব হল না। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ওইসব পর্যটকের পরিবার।

Advertisement

সিকিম প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, লাচেনে আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন। তাঁদের বিনামূল্যে খাবার, পানীয়জল দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় হোটেলগুলি। ধসের জেরে লাচেনের প্রায় সব রাস্তা ও সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে লাচেন থেকে ছাতেন পর্যন্ত তিন কিমি হাঁটাপথ তৈরির কাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওই পথ দিয়ে ঝুঁকি নিয়ে এদিন কিছু পর্যটককে লাচেন থেকে ছাতেনে আনা হয়েছে। হোটেল ও সেনাক্যাম্পে আশ্রয় নিয়েছেন তাঁরা। বাকিদেরও ছাতেনে আনার চেষ্টা হচ্ছে।
মঙ্গনের ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার (ডিপিও) কর্ম দর্জি বলেন, পাকিয়ং বিমানবন্দরে দু’টি এমআই-১৭ ভি-৫ কপ্টার পর্যটকদের উদ্ধারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এদিন সকাল থেকে প্রবল বৃষ্টি ও কুয়াশার কারণে কপ্টার উড়তে পারেনি। আবহাওয়া একটু ভালো হলেই পর্যটকদের উদ্ধার অভিযান শুরু হবে। যদিও আবহাওয়ার উন্নতি নিয়ে এদিন তেমন কোনও আশা জাগাতে পারেননি সিকিমের আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা। তিনি বলেন, বর্ষা ঢুকে গিয়েছে। ফলে কম-বেশি বৃষ্টি চলবে। সঙ্গে ভ্যালি ফগ থাকবে। ফলে দৃশ্যমানতা কখন কেমন থাকবে, তা বলা মুশকিল।
খারাপ আবহাওয়ার কারণে যদি এয়ারলিফ্ট করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আটকে পড়া পর্যটকদের সড়কপথে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে সিকিম প্রশাসন। সেক্ষেত্রে ধস বিধ্বস্ত লাচেন থেকে চুংথাং পর্যন্ত ২৮ কিমি হাঁটাপথ তৈরির চেষ্টা শুরু হয়েছে এদিন। লাচেনে আটকে পড়া পর্যটকরা যদি হেঁটে চুংথাং পর্যন্ত চলে আসতে পারেন, সেখান থেকে গাড়িতে তাঁদের গ্যাংটকে ফেরানো হবে। কিন্তু লাচেন থেকে বিপদসঙ্কুল পাহাড়ি পথে লাগেজ সহ পরিবার নিয়ে ২৮ কিমি পথ হেঁটে আসা যে আদৌও সহজ কথা নয়, তা মানছে সিকিম প্রশাসন।
এদিকে, ছাতেনে সেনা ছাউনিতে ধসের ঘটনায় নিখোঁজ ৬ জওয়ানের হদিশ এদিনও মেলেনি। সেনার তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্ণেল প্রীতপাল সিং সান্ধু, সুবেদার ধরমবীর, নায়েক সুনীলাল মুসাহারি, সিপাই সাইনুদ্দিন পি কে, অবসরপ্রাপ্ত স্কোয়ারড্রন লিডার আরতি সান্ধু (কর্ণেলের স্ত্রী) এবং মেয়ে আমিরা সান্ধু। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। অন্যদিকে, বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সোনালি চা বাগান সংলগ্ন তিস্তার চর থেকে এক যুবতীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে। গত ২৯ মে উত্তর সিকিমের মুন্সিথাংয়ে রাস্তা থেকে পর্যটকদের একটি গাড়ি তিস্তার খাদে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ন’জন। এরমধ্যে এর আগে দু’জনের দেহ পাওয়া যায়। পুলিসের অনুমান, নিখোঁজ ন’জনের মধ্যে এটি একজনের দেহ হতে পারে। মাল থানার আইসি সোম্যজিত্ মল্লিক বলেন, দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ