সংবাদদাতা, রামপুরহাট: গত বছরের জুলাই মাসে রাজ্যজুড়ে অবৈধ টোটোর বাড়বাড়ন্ত রুখতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গত মার্চ মাসে অবৈধ টোটো চলাচলে রাশ টানতে কড়াকড়ি শুরু করে মুরারই-১ ব্লক প্রশাসন। লিফলেট বিলি থেকে মাইকিং করে চালকদের কী কী নিয়ম মানতে হবে, তা প্রচার করা হয়। কিন্তু, তারপরও বেপরোয়া মনোভাব দেখাচ্ছে টোটোচালকরা। অবশেষে রবিবার থেকে টোটোচালকদের শবক শেখাতে জরিমানার পথে হাঁটল ব্লক প্রশাসন। এদিন পথে নেমে নিয়ম ভঙ্গকারী টোটোচালকের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। বিডিও বীরেন্দর অধিকারী বলেন, দুর্ঘটনা রোধে টোটোর ডানদিকে রড লাগানোর জন্য বারবার চালকদের বলা হচ্ছে। কিছুজন সেটা লাগিয়েছে। অধিকাংশই নিয়মকে তোয়াক্কা করছে না। এদিন রাস্তায় নেমে ৪৮ জন টোটোচালকের কাছ থেকে জরিমানা আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। এই অভিযান চলবে।
ব্লক এলাকার মানুষ ছাড়াও ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বহু গ্রামের মানুষ নানা প্রয়োজনে ও চিকিৎসার জন্য মুরারইয়ে যাতায়াত করেন। এমনিতেই সংকীর্ণ রাস্তা। তার উপরে কয়েক হাজার টোটো চলায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে অফিস টাইমে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। যত্রতত্র টোটো দাঁড়িয়ে থাকার পরে মানুষ যে হেঁটে চলাচল করবে তারও উপায় থাকে না। তার উপর নাবালকরা টোটোর স্টিয়ারিং ধরায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। যানজট রুখতে প্রশাসনের তরফে ওয়ান ওয়ে করা হয়।
গত মার্চ মাসে যানজট সমস্যা নিয়ে ব্লক প্রশাসন মিটিং করে। সেখানে টোটো নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়, টোটোগুলিকে রেজিস্ট্রেশন করাতে হবে। টোটো বা ই-রিকশর লাইসেন্স পেতে প্রথমে পরিবহণ দপ্তরে আবেদন করতে হবে। দুর্ঘটনা রোধে টোটোর ডানদিকে যাত্রীদের ওঠানামা বন্ধ করতে রড লাগাতে হবে। গত একমাস ধরে লাগাতার মাইকিং ও লিফলেট বিলি করে টোটোচালকদের সচেতন করা হয়। তারপরও অনেকে নিয়ম মানছে না। তাই এদিন থেকে অভিযানে নামে ব্লক প্রশাসন। নিয়মভঙ্গকারী টোটোচালকদের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। পঞ্চায়েত সমিতির তরফে মানি রিসিট ধরিয়ে তাঁদের সতর্ক করা হয়। এদিন অভিযান চলছে দেখে অনেকেই টোটো নিয়ে বেপাত্তা হয়ে যায়।
পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা বলেন, টোটোর জন্য রাস্তায় সবসময় যানজট হচ্ছে। তাই টোটো চলাচল নিয়ন্ত্রণে পঞ্চায়েত সমিতি থেকে আইন করা হয়েছে। টোটো রেজিস্ট্রেশনের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স করতে হবে। যেহেতু নাবালকরাও টোটো চালাচ্ছে। বারবার বলা সত্ত্বেও টোটোচালকদের অনেকেই মানছে না। তাই এদিন অভিযান চালানো হয়। জরিমানা বাবদ আদায়কৃত অর্থ পঞ্চায়েত সমিতির উন্নয়ন খাতে জমা করা হচ্ছে।