Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ-কাল ঝড়বৃষ্টির আশঙ্কা

আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ-কাল ঝড়বৃষ্টির আশঙ্কা
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আরো কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার দুপুর থেকে কলকাতা ও লাগোয়া এলাকাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলেও বিকেল পর্যন্ত ঝড়বৃষ্টি বিশেষ হয়নি। আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি নেই। ফলে কালবৈশাখীর ঝড়বৃষ্টি বলতে যা বোঝায় তা হওয়ার সম্ভাবনা আপাতত কম। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। বিহার থেকে মধ্য ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।  কিন্তু ভূপৃষ্ট এখনো খুব বেশি উত্তপ্ত হয়নি। তাই শক্তিশালী বজ্রমেঘ সেভাবে সৃষ্টি হচ্ছে না।

Advertisement

সোমবার দুপুর থেকে যেসব জায়গায় বজ্রমেঘ তৈরি হয় সেখানকার জন্য আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিতে থাকে। কলকাতা, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া ও হুগলি জেলার কিছু অংশের জন্য সতর্কবার্তা দেওয়া হয়। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে শুধু কমলা সতর্কতা দেওয়া হয়েছিল। হলুদ সতর্কতা ছিল বাকি জেলাগুলির জন্য। বিকেল পর্যন্ত আবহাওয়া দপ্তরের বিভিন্ন জেলার পর্যবেক্ষণ কেন্দ্রগুলিতে বৃষ্টি তেমন নথিভুক্ত হয়নি। তবে ওই কেন্দ্রগুলির এলাকার বাইরেও কিছুটা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে এমন সম্ভাবনার কথাও বলা হয়েছে। 
আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার পূর্ব বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে। হালকা বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। বজ্রগর্ভ মেঘ থেকে উত্তরবঙ্গের পাহাড় এবং লাগোয়া জেলাগুলি ছাড়া উত্তর দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও আগামী আরো কয়েকদিন ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আপাতত মোটামুটি স্থিতিশীল থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আপাতত খুব বেশি ওঠা-নামা করবে না। সোমবার কলকাতায় সর্বোচ্চ  তাপমাত্রা ( ৩১ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা (২৪ ডিগ্রি) ছিল স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ