Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চারদিনে সাইবার প্রতারণার ফাঁদে শিলিগুড়ির তিন জন

শহর শিলিগুড়ির বাসিন্দাদের একাংশ বারবার সাইবার প্রতারকদের খপ্পরে পড়ছেন। খোয়াতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা।

চারদিনে সাইবার প্রতারণার ফাঁদে শিলিগুড়ির তিন জন
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহর শিলিগুড়ির বাসিন্দাদের একাংশ বারবার সাইবার প্রতারকদের খপ্পরে পড়ছেন। খোয়াতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের সাইবার ক্রাইম থানার তরফে বারবার সচেতনতামূলক প্রচার চালানো হলেও মানুষ যে সচেতন হচ্ছেন না, এই ঘটনাগুলি তার প্রমাণ। উদ্বিগ্ন পুলিসও। গত চারদিনে সাইবার প্রতারকদের পাল্লায় পড়ে শহরের বিভিন্নপ্রান্তের তিনজন প্রায় ৬৫ লক্ষ টাকা খোয়ালেন। দিশেহারা হয়ে অবশেষে তাঁরা প্রতারকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হয়েছেন। 

Advertisement

প্রথম ঘটনায় শেয়ার ট্রেডিংয়ের নামে একটি ভুয়ো শেয়ারট্রেডিং অ্যাপে এক ব্যক্তি খুইয়েছেন ৫৮ লক্ষ টাকা। কিছুদিন আগে তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়। দেশের বড় বড় শেয়ার ট্রেডিং এজেন্টের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অনেকেই ওই গ্রুপে ছিল। প্রথমে বিশ্বাস অর্জন করার জন্য ৫০হাজার টাকার শেয়ারট্রেডিং করে ভালো মুনাফা অর্জন করেন তিনি। এরপরই আরও বেশি টাকা বিনিয়োগের জন্য বলা হয় তাঁকে। সেই ফাঁদে পড়ে ৫৮ লক্ষ টাকার বেশি টাকা শেয়ার ট্রেডিংয়ের জন্য জমা করেন। দেখা যায়, ভালো মুনাফা হলেও সেই টাকা তুলতে পারেননি ওই ব্যক্তি। এরপরই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা ফের টাকা জমা করতে বলে। তবে ফাঁদে পা না দিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। প্রতারকরা  পাল্টা হুমকি দিলে ১৬ এপ্রিল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ওই  ব্যক্তি।
অন্যদিকে, একটি নামী কেক এবং খাবারের আউটলেট খোলার জন্য এক ব্যক্তির কাছে সাইবার প্রতারকেরা ফাঁদ পাতে। জানানো হয়, ৮লক্ষ টাকা দিলে ওই আউটলেট তিনি খুলতে পারবেন। এদিকে তিনি টাকা দিতেই প্রতারকরা মোবাইল বন্ধ করে দেয়। এরপরই ওই ব্যক্তি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ  করে জানতে পারেন, বিষয়টি ভুয়ো। কাউকে নতুন আউটলেট খোলার সুযোগ দেওয়া হয়নি। এরপর থানার দ্বারস্থ হন তিনি। একইভাবে শহরে আরও এক ব্যক্তি শেয়ার ট্রেডিংয়ে লগ্নির চেষ্টা করে ৩৫ হাজার টাকা খুইয়েছেন। 
টিভি, খবরের কাগজ, মোবাইলেও সাইবার প্রতারকদের থেকে সতর্ক থাকার বার্তা দেওয়া হলেও তাতে সতর্ক হচ্ছেন না শহরবাসী। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি(পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা প্রত্যেককে জানাতে চাই, লোভনীয় টোপ দেখে ঝাঁপিয়ে পড়বেন না। সমস্ত বিষয় যাচাই করে তবেই পদক্ষেপ করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ