নয়াদিল্লি: অবশেষে আজ বুধবার, মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করবে অক্সিয়ম-৪। এই অভিযানের হাত ধরেই দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাশূন্যে পাড়ি দেবেন শুভাংশু শুক্লা। সঙ্গে থাকবেন পেগি উইটসন, টিবর কাপু ও স্লাওজ উজনানস্কি। ইসরো জানিয়েছে, ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ ড্রাগন ক্যাপসুলকে নিয়ে রওনা দেবে ফ্যালকন ৯ রকেট। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ানের সেই দৃশ্য দেখতে মুখিয়ে রয়েছে গোটা দুনিয়া। এবিষয়ে ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে অভিযান ১০ থেকে পিছিয়ে ১১ জুন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টা নাগাদ রকেট উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’ ১৪ দিনের মহাকাশ যাপনে কমপক্ষে ৬০টি বিষয় নিয়ে গবেষণা করবেন শুভাংশুরা। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের কথায়, ‘দারুন এক অভিজ্ঞতার সাক্ষী থাকছি। একটি অভিযানের জন্য আমরা একসঙ্গে যাত্রা করব। অভিযান শেষ হলেও এই বন্ধুত্ব আজীবন থেকে যাবে।’ ছবি : পিটিআই



