মুম্বই: ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর হাত ধরে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। শুক্রবার রাতে মাত্র ৪২ বছর বয়সে থামল অভিনেত্রী শেফালি জারিওয়ালার সফর। প্রাথমিকভাবে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। ময়নাতদন্তের পর তা জানা যাবে বলে খবর। নিয়মিত শরীরচর্চা করতেন। পাশাপাশি অ্যান্টি এজিং ট্রিটমেন্টও করিয়েছিলেন পাঁচ-ছ’বছর ধরে।
শুক্রবার রাত ১০টা নাগাদ বুকে ব্যথা শুরু হয় তাঁর। তড়িঘড়ি শেফালিকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী পরাগ ত্যাগী। শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাত একটা নাগাদ খবর যায় মুম্বই পুলিসের কাছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রাতে অভিনেত্রীর আন্ধেরির বাড়িতে পৌঁছয় ফরেন্সিক দল। শনিবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হয় শেফালির। কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর মা, স্বামী। সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী সুনীধি চৌহান।
২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন শেফালি। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে কাজ করেন ক্যামিও চরিত্রে। গায়ক হরমিত সিংয়ের সঙ্গে শেফালির প্রথম দাম্পত্য সুখের ছিল না। ২০০৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তারপর পরাগ ত্যাগীর সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয়েছিল। অংশ নিয়েছিলেন একাধিক রিয়্যালিটি শোতে। একসময়ের চর্চায় থাকা শেফালি দ্রুত চলে গিয়েছিলেন অন্তরালে।