উজির আলি, চাঁচল: প্রতি বছর থিমভিত্তিক মণ্ডপসজ্জায় দর্শনার্থীদের আকর্ষণ করে চাঁচল সদরের দক্ষিণপাড়া দুর্গাপুজো কমিটি। এবছর ১৮তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো। এবারের থিম ‘মুখ ও মুখোশ’। জীবনের কান্না, হাসি, আনন্দ, বেদনা ও আড়ালের গল্প সব মিলিয়ে মানুষের নিত্যদিনের মুখ ও মুখোশ ধরা পড়বে থিমে। জীবন মানেই সংগ্রাম, দুঃখ কষ্ট ও যন্ত্রণার মিশেল। তবুও অনেকেই আছেন যাঁরা নিজের কষ্টকে লুকিয়ে সমাজের কাছে হাসিমুখে থাকেন। এবারের থিমের মাধ্যমে সেই মানুষদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দক্ষিণপাড়া পুজো কমিটি। অন্যদিকে, সমাজে অনেক মানুষ আছে, যাদের বাইরের মুখ আর ভিতরের সত্তা একেবারেই আলাদা। একদিকে কোমল হাসি, অন্যদিকে স্বার্থপরতার মুখোশ। মণ্ডপের দেওয়ালে দেওয়ালে থাকেছে সেই মুখোশগুলি। সদর দরজায় এক ক্লাউনের মডেল দর্শনার্থীদের স্বাগত জানাবে। ক্লাউন অর্থাৎ জোকার সারাজীবন অন্যকে হাসায়, আনন্দ দেয়, অথচ নিজের দুঃখকষ্টকে আড়াল করে রাখে। শুধু তাই নয়, প্রবেশপথেই থাকছে বিশাল গিরগিটি। প্রতিক্ষণে রং বদলানো এই প্রাণী মানুষের চরিত্রের প্রতীক হিসেবে হাজির থাকবে। জীবনের নানা পরিস্থিতিতে কত মানুষই না মুখোশ বদলায়। এক জায়গায় একরকম, অন্য জায়গায় সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণপাড়ার মণ্ডপে সেই গিরগিটি মনে করিয়ে দেবে সমাজের সেই চিরন্তন বাস্তবতা।



