সংবাদদাতা, হলদিয়া: ডিজাইন বদলে যাচ্ছে হলদিয়া গেটের। বন্দর শহরের প্রবেশপথ ব্রজলালচকে ২০১৩ সালে ‘আইকনিক গেট’ তৈরি করেছিল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ (এইচডিএ)। মাত্র দেড় দশকের মধ্যেই সেটি সরিয়ে নতুন ডিজাইনের গেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে এইচডিএ। এজন্য টেন্ডার ডাকা হয়েছে। সংস্থার চেয়ারম্যান জ্যোতির্ময় কর একথা জানিয়েছেন। দীর্ঘদিন মেরামতের অভাবে বর্তমান গেটটি বিপজ্জনক হয়ে উঠেছে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম ওই গেটের স্বাস্থ্য পরীক্ষার পর সেটি দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে। এরপরই গেটের কাঠামো সরিয়ে ফেলার তোড়জোড় শুরু হয়েছে। কবে ওই গেট সরানো হবে তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয়রা বলেন, বিশাল ওই স্টিলের কাঠামো দেড় বছরের বেশি সময় অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। মেরামতির অভাবে মরচে পড়ে কাঠামো দুর্বল হয়ে পড়েছে। যে কোনও সময়ে এটি ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে।
ওই গেট বিপজ্জনক হয়ে ওঠায় মেরামতের দাবি তোলেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, এইচডিএ মানুষকে গেট নিয়ে তাঁদের ভাবনাচিন্তা জানাক ও আশ্বাসবার্তা দিক। মানুষের মধ্যে হলদিয়া গেট নিয়ে বিভ্রান্তি ও ভয় তৈরি হয়েছে। জানা গিয়েছে, বর্তমান গেটের কাঠামো প্লাস্টিক জাতীয় সামগ্রী দিয়ে মুড়ে নীল সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছিল। মূলত ওই কাঠামোকে রোদবৃষ্টির হাত থেকে বাঁচাতে প্লাস্টিক কভার দেওয়া হয়েছিল। সৌন্দর্যায়নের দিকও বিবেচনা করা হয়। ২০২৩ সাল নাগাদ ওই গেটের কাঠামো পরীক্ষা করতে গিয়ে চমকে যান এইচডিএর ইঞ্জিনিয়াররা। তখনই হলদিয়া গেট মেরামতের জন্য প্লাস্টিকের কভার খুলে ফেলা হয়। এইচডিএ সূত্রে জানা গিয়েছে, ওই গেট মেরামতের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এস্টিমেট করতে গিয়ে চমকে ওঠেন এইচডিএর কর্মকর্তারা। এজন্য প্রায় ৮০ লক্ষ টাকা খরচ পড়বে। এরপরই বর্তমান গেটের কাঠামো সরিয়ে নতুন গেট তৈরির ভাবনা চিন্তা শুরু করে এইচডিএ।
প্রথমে ঠিক হয়, বর্তমান গেট আইকনিক হয়েছে হলদিয়ার সঙ্গে। ওই ডিজাইন রাখা হবে। কিন্তু বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ডিজাইন বদল করলে মেরামতের সুবিধে হবে এবং ব্যয় সাশ্রয় হবে।
নতুন গেট তৈরির বাজেট ২ কোটি টাকার মধ্যে রাখতে চাইছে এইচডিএ। ডিজাইন পরিবর্তন করে এই খরচ কমাতে চাইছে এইচডিএ। সংস্থার আর্থিক টানাটানির জন্য খরচ কমানোর ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে, পুরনো গেটের মেটিরিয়াল স্ক্র্যাপ করে এইচডিএর অর্থের সংস্থান হবে।
প্রসঙ্গত, বর্তমান গেট তেরো বছর আগে প্রায় ৩ কোটি টাকা খরচে তৈরি হয়েছিল। ওই গেটের পাশে পার্কও রয়েছে। ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর হওয়ায় গেটের আকার ওই সময় বিশাল করে তৈরি হয়। এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, বর্তমান সরানো এবং নতুন গেটের জন্য দু›টি টেন্ডার ডাকা হচ্ছে। বর্ষার আগে গেট তৈরি হয়ে যাবে আশা করছি। চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর বলেন, টেন্ডার করে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা গেট সরিয়ে তার মালপত্রের মূল্যায়ন করে বিক্রি করবে। অন্য সংস্থা, নতুন গেট তৈরি করবে। ইতিমধ্যে নতুন গেটের ডিজাইন জমা পড়েছে। আগামী বোর্ড মিটিংয়ে সেটি পাশ হবে।-নিজস্ব চিত্র