নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনে বড়সড় হট্টগোল হতে পারে বলে মনে করছে সচিবালয়। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিধায়কদের সুরক্ষার স্বার্থে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। বিধানসভা ভবন ছাড়াও বিধায়ক আবাসনে নিরাপত্তার বিশেষ কড়াকড়ি করা হচ্ছে।
আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যে বিধানসভা ভোটের আগে এটাই শেষ অধিবেশন। সব মিলিয়ে এবারের অধিবেশন পর্ব সরগরম হয়ে উঠতে পারে। এখন রাজ্যজুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। তার মধ্যেই বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। তাই এসআইআর-কে কেন্দ্র করে শাসক-বিরোধী তুমুল বাগযুদ্ধ বেধে যেতে পারে। অভিযোগ-পালটা অভিযোগে সরগরম হয়ে উঠতে পারে পরিস্থিতি। তাই সবদিক বিচার-বিশ্লেষণ করে বিধানসভার সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হচ্ছে। এনিয়ে বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। যেখানে বিধানসভার প্রধান সচিব, পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক, বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা হাজির ছিলেন। জানা গিয়েছে, বিধানসভায় প্রবেশের আগে বিধায়কদের গাড়িগুলি খুঁটিয়ে পরীক্ষা করা হবে। তাঁদের নিরাপত্তারক্ষীদের বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। গেটের বাইরে তাঁদের বসার ব্যবস্থা থাকবে। অধিবেশন কক্ষের মধ্যে স্পিকারের চেয়ারের চারদিকে নিরাপত্তা বলয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। করিডরেও থাকছে বাড়তি সতর্কতা।
অন্যদিকে, বিধায়ক আবাসনেও সুরক্ষা বলয় শক্তিশালী করা হচ্ছে। সেখানে শুধুমাত্র বিধায়করাই গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন। হস্টেলে ঢোকার আগে গাড়ি থেকে নেমে যেতে হবে বিধায়কের নিরাপত্তারক্ষীদের। তাঁদেরও চেকিং হবে। অস্ত্র নিয়ে বিধায়ক আবাসনে প্রবেশ করতে পারবেন না নিরাপত্তারক্ষীরা।