Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জ স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা ট্রেনের কামরার থেকে অনেক নিচু

বিশেষ করে উঠতে নামতে বয়স্কদের সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কামরায় বসে পা ঝুলিয়েই তাঁদের নামতে হচ্ছে।

জিয়াগঞ্জ স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা ট্রেনের কামরার থেকে অনেক নিচু
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: শিয়ালদহ লালগোলা শাখার জিয়াগঞ্জ স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা অনেক কম। প্ল্যাটফর্ম ও ট্রেনের কামরার (ডিএমইউ, ইএমইউ) উচ্চতার ব্যবধান বেশি হওয়ায় রেলযাত্রীরা ট্রেনে ওঠা নামায় চরম সমস্যায় পড়ছেন। বিশেষ করে উঠতে নামতে বয়স্কদের সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কামরায় বসে পা ঝুলিয়েই তাঁদের নামতে হচ্ছে। তাড়াহুড়োয় এভাবে নামতে গিয়ে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। প্ল্যাটফর্ম উঁচু করার দাবিতে রেলযাত্রীদের একাংশ সোচ্চার হয়েছেন। রেলের এই গাফিলতির কারণে যেকোন দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার দায় কে নেবে? এমন প্রশ্নও তুলেছে রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউনিয়ন। একই সমস্যা এই শাখার বেশ কয়েকটি স্টেশনে রয়েছে। দিন কয়েক আগে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগমের নজরেও বিষয়টি এসেছে। তিনি প্ল্যাটফর্মগুলি ১০-১২ ইঞ্চি উঁচু করার আশ্বাস দিয়েছেন। জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজে স্নাতকের দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে। বহরমপুর সহ বেশ কয়েকটি কলেজের ছাত্র ছাত্রীদের জিয়াগঞ্জ কলেজে পরীক্ষা সেন্টার পড়েছে। ফলে বহরমপুর, লালগোলা থেকে বহু ছাত্র ছাত্রী জিয়াগঞ্জ স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করছেন। এরফলে স্বাভাবিকের তূলনায় পরীক্ষার দিনগুলিতে ভিড় অনেক বাড়ছে। অতিরিক্ত ভিড়ের কারণেই এই সমস্যা আরও সামনে এসেছে। জিয়াগঞ্জ স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনগুলি মাত্র এক মিনিট থামে। ফলে ওঠা নামায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরীক্ষার দিনগুলিতে তা আরও বেড়েছে। জিয়াগঞ্জ স্টেশনে ট্রেনের কামরা ও প্ল্যাটফর্মের উচ্চতার ব্যবধান প্রায় দু'ফুট। ফলে বয়স্ক কেউ সরাসরি ট্রেন থেকে প্ল্যাটফর্মে পা দিয়ে নামতে পারছেন না। ট্রেনে উঠতেও পারছেন না। ওঠা নামায় কারও সাহায্য নিতে হচ্ছে। তাতে বিপদের ঝুঁকি থেকে যাচ্ছে। বিষয়টি নজরে আসায় পরীক্ষার্থীরাই প্রতিবাদে সরব হয়েছেন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্রী শ্রেয়সী পাল এক বৃদ্ধাকে নামতে সাহায্য করছিলেন। তিনি বলেন, প্ল্যাটফর্ম নিচুতে হওয়ায় যেকোনওদিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। রেলের কর্তাদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। বহরমপুর কলেজের ছাত্র বিশাল মণ্ডল বলেন, পরীক্ষা শেষে এর বিরুদ্ধে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামব। যে স্টেশনগুলিতে এই সমস্যা রয়েছে সেগুলির প্ল্যাটফর্ম দ্রুত উঁচু করার দাবি জানাব। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সামাশের খান বলেন, যাত্রী সুরক্ষার দাবি তুলে বিষয়টি রেলের কর্তাদের নজরে আনার চেষ্টা করেছি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে। জিয়াগঞ্জ ছাড়া এই শাখার বেশ কয়েকটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম অনেকটাই নিচু রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ