নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিকের আচরণে ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি চিকিৎসকদের সঙ্গে কাঞ্চন মল্লিক যে ধরনের আচরণ করেছেন, তার সব খবর দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে। ব্যক্তিগত স্তরে ও বিভিন্ন সূত্র মারফত তৃণমূলের শীর্ষনেতারা গোটা ঘটনার খবর নিয়েছেন। একজন চিকিৎসকের প্রতি বিধায়কের এমন আচরণ কোনওভাবেই কাঙ্ক্ষিত নয় বলে মনে করছে দল। আগামী দিনে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে খবর।
এদিকে, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর এস কে গুহ জানিয়েছেন, তাঁদের পক্ষ থেকে কলকাতার পুলিস কমিশনারকে কোনও লিখিত অভিযোগ করা হয়নি। তবে বৃহস্পতিবার তিনি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করে পুরো বিষয়টি তাঁকে অবহিত করেন। তবে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বারাষ্ট্রসচিব এবং স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরকে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ ইন্দ্রজিৎ সাহা।
ঘটনাচক্রে শুক্রবারই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক কাঞ্চন মল্লিক। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, কাঞ্চন যে ধরনের আচরণ করেছেন, একজন চিকিৎসকের প্রতি এমন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করছেন পদস্থ আধিকারিকরা। ঘনিষ্ঠ মহলে তাঁরা জানিয়েছেন, বিধায়কদের কোনও অভাব-অভিযোগ থাকলে তা তিনি স্বাস্থ্যদপ্তরে লিখিত আকারে জানাতে পারতেন। কিন্তু প্রকাশ্যে যে ঘটনা ঘটিয়েছেন, তা একজন জনপ্রতিনিধির কাছে কাঙ্ক্ষিত নয়।