নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সোনারপুরের কোদায়িলায় দাদু প্রণব ভট্টাচার্যের হাতে খুন হয়েছিল চার বছরের নাতনি প্রত্যুষা কর্মকার। ভাইফোঁটায় নিষ্প্রভ থাকল গোটা বাড়ি। শুধু ওই বাড়িটি নয়, গোটা পাড়াই থাকল ম্লান। সোনারপুরেরই সায়ন্তী বসু স্নায়ুরোগে আক্রান্ত। দাঁড়াতেও সমস্যা। বসেই দিন কাটে। ভাইফোঁটা দিলেন জেঠতুতো ও পিসতুতো দাদাকে। ২৭ বছরের সায়ন্তীদেবী ফোঁটা দিয়ে নতুন করে যেন জীবনশক্তি ফিরে পেলেন বৃহস্পতিবার। সুন্দরবনের মহিলারা দিলেন অনন্য বার্তা। প্রকৃতিরক্ষা ও সুন্দরবনকে বাঁচাতে এবং নদীবাঁধ রক্ষার প্রতিজ্ঞায় ভাইফোঁটা দিলেন ম্যানগ্রোভ চারাগাছকে। ফোঁটা দিয়ে ‘সবুজ ভাই’ হিসেবে গাছরক্ষার অঙ্গীকার করলেন। উত্তর ২৪ পরগনার মাটিয়ায় যৌনপল্লিতে গিয়ে ভাইফোঁটা নিল পুলিশ। ফোঁটা নিয়ে মিষ্টি ও উপহার বিনিময় করে যৌনকর্মী ও পুলিশ। বারাসত শহরের পায়োনিয়ার পার্ক লাগোয়া একটি বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা পালন হল ধুমধাম করে। ২৩ বৃদ্ধা মহিলা আবাসিককে ফোঁটা দিলেন মহিলারা। দেওয়া হল উপহার। বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে একটি বালক আশ্রমে ২৬ নাবালিকা ২৯ জন নাবালককে ফোঁটা দিয়েছে। ইছাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ফোটা দিয়েছে গাছকে। সংস্থার মহিলাদের বক্তব্য, পরিবেশ ধ্বংসের হাত থেকে গাছকে বাঁচাতে ভাইফোঁটা দেওয়া হয়েছে। বারাকপুর পুরসভার প্রাপ্তি বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের ফোঁটা দেওয়ার ব্যবস্থা করেন দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সম্রাট তপাদার। কাকদ্বীপের খিরিশতলা মোড়ের সূর্যনগর আনন্দমন আশ্রমের ৩৬ আবাসিক গণ ভাতৃদ্বিতীয়ার আয়োজন করেছিলেন। গ্রামের প্রায় ২০০ দুঃস্থ শিশুর আমন্ত্রণ ছিল। কাকদ্বীপের সুধাংশু পাইক ছোট একটি চায়ের দোকান চালান। স্বল্প আয়ের মধ্যেই গণ ভ্রাতৃদ্বিতীয়ার আয়োজন করেছিলেন। প্রায় ৩০০ অনাথ ও দুঃস্থ শিশু আমন্ত্রিত ছিল। হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে ভাইফোঁটা অনুষ্ঠান হয়। অংশ নিয়েছেন পথচারী, টোটোচালক, ট্রাফিক পুলিশ। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ডোমজুড়ের মহিয়ারি উদয় সংঘ বোনফোঁটার আয়োজন করেছিল। উলুবেড়িয়াতে বিদেশিদের ভাইফোঁটা দেওয়ার অনুষ্ঠান হয়েছে। জুলিয়েট বাথেলেম এবং তিমতি চপিং নামে দুই ফরাসি তরুণী এবং এস্টেল মারিলি নামে এক সুইস তরুণী বাঙালি রীতিতে শাড়ি পরে বিশেষভাবে সক্ষম শিশুদের ভাইফোঁটা দেন। উলুবেড়িয়া পুরসভার মহিলা কাউন্সিলররা পুরসভার আধিকারিক ও কর্মীদের এবং সাংবাদিক, পুলিশ, প্রশাসনিক আধিকারিক, বিচারাধীন বন্দিদের ফোঁটা দেন। শোভাবাজারের যৌনপল্লিতেও ভাইফোঁটার আয়োজন হয়েছিল। প্রেসিডেন্সি ও দমদম জেলে হয় বন্দিদের ভাইফোঁটা দেওয়ার অনুষ্ঠান। উত্তর দমদম পুরসভার নিমতার মাঝেরহাটি যুব সংঘের মাঠে গণ ভাইফোঁটার আসর বসে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস সহ কাউন্সিলারদের ভাইফোঁটা দেন। চুঁচুড়া সদরের মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা পুরসভার কাউন্সিলার ইন্দ্রজিৎ দত্তর একটি আবাসিক হোমের সদস্যদের নিয়ে ভাইফোঁটা পালন করেন। নিজের বাড়িতে দিদি ও বোনদের কাছে ভাইফোঁটা নেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। শহরের নোংরা সাফাই কর্মীদের নিয়ে চুঁচুড়া শহরের নৃত্যশিল্পী মৈত্রেয়ী দেজ সিংহ ভাইফোঁটা পালন করেন। সাফাই কর্মী মনতোষ হরিজনকে ভাইফোঁটা দেন রথতলার বাসিন্দা মৈত্রেয়ীদেবী।



