Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পারদ ছুঁল ৪২ ডিগ্রি, শুনশান পানাগড় বাজার

পানাগড়ের তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেন্টিগ্রেডে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গরম বাড়ছে

পারদ ছুঁল ৪২ ডিগ্রি, শুনশান পানাগড় বাজার
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: পানাগড়ের তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেন্টিগ্রেডে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গরম বাড়ছে। তীব্র দাবদাহে নাভিশ্বাস অবস্থা পানাগড়, কাঁকসা সহ পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দাদের। সকাল ১০টার পর থেকে কার্যত ফাঁকা হতে শুরু করছে বাজার। দুপুর ১২টার দিকেই খদ্দের নেই দেখে দোকানও বন্ধ করে দিচ্ছেন মালিকদের একাংশ। কার্যত বন্ধের চেহারা নিচ্ছে স্থানীয় বাজারগুলিও। কয়েকটি  দোকান খোলা থাকলেও তাতে খদ্দেরের দেখা মিলছে না।

Advertisement

কাঁকসার মূল বাণিজ্যকেন্দ্র পানাগড় বাজার। এখানে একদিকে রয়েছে বিভিন্ন সামগ্রীর দোকান। তেমনই রয়েছে পুরনো গাড়ির যন্ত্রাংশ কেনাবেচার দোকান। এই বাজারের উপর কাঁকসা সহ আউশগ্রাম-২ এবং গলসি-১ ব্লকের বহু মানুষ নির্ভর করেন। ফলে সারা বছর ভিড় লেগেই থাকে বাজারে। কিন্তু গরমের জন্য বাজার এখন ফাঁকা। বিক্রেতাদের অনেকেই দুপুরে নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করে দিচ্ছেন। পানাগড় স্টেশন রোডে ওষুধ বিক্রেতা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ভিড় কম হচ্ছে। মূলত সকাল ১০টার মধ্যেই ভিড় থাকছে। আবার সন্ধ্যা ৭টার পর মানুষ আসছেন। পানাগড়ের দার্জিলিং মোড়ের এক দোকানদার বলেন, গরমের জন্য দোকানে ভিড় অনেক কমে গিয়েছে। ব্যবসায় প্রভাব পড়ছে। তাপ না কমলে মানুষ বাইরে বেরচ্ছেন না। ফলে সন্ধ্যার দিকে ক্রেতারা আবার আসছেন। কাঁকসার বাসিন্দা মৌসুমি ঘোষ বলেন, আমি জরুরি কাজে পানাগড় বাজারে ব্যাঙ্কে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার সময় টোটো পেলেও ফেরার সময় টোটো পেতে সমস্যা হয়েছে। অনেকক্ষণ গরমে দাঁড়িয়ে ছিলাম। এদিন কাঁকসা এলাকা ঘুরে দেখা গেল পানাগড় বাজারের মতোই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমছে রাস্তায়। দুর্গাপুর-বোলপুর বাসের যাত্রী প্রদীপ গড়াই বলেন, বাসের ভিড় কমেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরচ্ছেন না। পানাগড়ের চিকিৎসক অশোক গোস্বামী বলেন, গরমে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। সকালের দিকে কাজ সেরে নিতে হবে। দুপুরের সময় বিশেষত ১২টার পর থেকে ৪টা পর্যন্ত বাইরে না বেরনোই ভালো। খুব মশলা জাতীয় খাবার এই সময় এড়িয়ে চললে শরীর সুস্থ থাকবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ