Bartaman Logo
১০ জুন, ২০২৬

লক্ষ্য বাংলার মন জয়, ভোটের আগে বিশেষ প্যাকেজের পরিকল্পনা কেন্দ্রের

রাজ্যভিত্তিক উন্নয়ন প্যাকেজ বলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনও শব্দ নেই। কিন্তু পরিভাষা না থাকলেও রাজনৈতিক স্বার্থে বিশেষ রাজ্যকে পাইয়ে দেওয়া অথবা প্রতিশ্রুতির বন্যার ইতিহাস দীর্ঘকাল ধরেই দেখিয়েছে কেন্দ্রীয় সরকার।

লক্ষ্য বাংলার মন জয়, ভোটের আগে  বিশেষ প্যাকেজের পরিকল্পনা কেন্দ্রের
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যভিত্তিক উন্নয়ন প্যাকেজ বলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনও শব্দ নেই। কিন্তু পরিভাষা না থাকলেও রাজনৈতিক স্বার্থে বিশেষ রাজ্যকে পাইয়ে দেওয়া অথবা প্রতিশ্রুতির বন্যার ইতিহাস দীর্ঘকাল ধরেই দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ সাল থেকে‌ই লক্ষ্য করা যাচ্ছে, বিজেপি নেতৃত্বধীন সরকারকে গরিষ্ঠতার অঙ্কে পৌঁছতে সহায়তা করা বিহার ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা দফায় দফায় অঘোষিত প্যাকেজ আদায় করে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদির নির্বাচনী লড়াই হয়েছে পাঁচ বার। প্রতিবারই প্রাপ্ত আসন সংখ্যার বিচারে মমতা জয়ী হয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কি বাংলা দখলে ব্যর্থতার কারণেই বছরের পর বছর বাংলাকে বাজেটে বঞ্চিত করা হয়? জানা যাচ্ছে, মোদির শাসনকালে সম্ভবত শেষবার মোদি বনাম মমতার লড়াইয়ের প্রাক্কালে জয়ের শেষ চেষ্টা করতে বাংলার জন্য বিশেষ কিছু উন্নয়ন ঘোষণার প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার। বিহার নির্বাচনের পর থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং সমাপ্ত হবে আগামী বছরের বাজেটে। ঘোষণা না হলেও যাকে বেঙ্গল প্যাকেজ হিসেবেই প্রচার করা হবে। কেন্দ্রীয় কয়েকটি মন্ত্রককে এই খসড়া প্রস্তাব তৈরি করতে বলা হলেও আদতে পরিকল্পনা রূপায়ণ করবে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর। 

Advertisement

বাংলাকে ১১ বছর ধরে বঞ্চনা। বকেয়া প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা  মেটানো হচ্ছে না বলে তৃণমূল এবং বঙ্গ সরকারের দীর্ঘদিনের অভিযোগ। পালটা কেন্দ্রের বক্তব্য, দুর্নীতি এবং অনিয়মের কারণেই টাকা আটকে রাখা হয়েছে। এই চাপানউতোরের মধ্যেই ভোট বৈতরণী পেরতে একঝাঁক উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি ও ঘোষণা করা হবে আগামী ১০ মাসের মধ্যে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, রেল, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, টেক্সটাইল হাব, রেডিমেড গার্মেন্টস ক্লাস্টার রয়েছে প্রস্তাবের এই তালিকায়। আরও বেশি বন্দে ভারতের মাধ্যমে শুরু হবে সেই পরিকল্পনার বাস্তবায়ন। ১১ বছর ধরে বাজেট পেশ করেছে মোদি সরকার। অর্থমন্ত্রী, রেলমন্ত্রীদের মুখ বদলে গিয়েছে। কিন্তু বঙ্গবঞ্চনার প্রবণতা বদলায়নি। এমনকী বঙ্গবিজেপির মধ্যেও হতাশা এবং প্রশ্ন এসেছে যে, মোদি সরকার কি আদৌ চায় বাংলায় জয়ী হতে? কারণ সমস্ত রাজ্য উন্নয়নের বিপুল ভাগ পেলেও বাংলার জন্য কৃপণ কেন্দ্র। এবার সেই অপবাদের অবসান ঘটাতে এবং বাংলার মন জয়ের সম্ভবত শেষবার মরিয়া চেষ্টা করতে চান মোদি। কারণ ২০২৬ সালের ভোটে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রচার হতে চলেছে বাংলাকে বঞ্চনা। তৃণমূলের বক্তব্য, প্রায় ১০ লক্ষাধিক কেন্দ্রীয় আবাস প্রকল্পের অর্থ কেন্দ্র দিচ্ছে না। ১০০ দিনের কাজের গ্যারান্টির প্রায় ৬০ লক্ষ জব কার্ড গ্রাহকের জন্য ৩৭ হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এখন বাংলা নিয়ে বিশেষ প্ল্যান তৈরি করতে উদ্যোগী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ