Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাঁড়ারে টান, সংস্কারের অভাবে বর্ধমান শহরে বহু রাস্তা বেহাল, বর্ষায় ভোগান্তি, পুজোর আগে সংস্কার নিয়ে সংশয়

দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বর্ধমান। চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন জেলার রোগীরা রোজ সকালে হাজির হন।

ভাঁড়ারে টান, সংস্কারের অভাবে বর্ধমান শহরে বহু রাস্তা বেহাল, বর্ষায় ভোগান্তি, পুজোর আগে সংস্কার নিয়ে সংশয়
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বর্ধমান। চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন জেলার রোগীরা রোজ সকালে হাজির হন। এছাড়া ব্যবসার প্রয়োজনে দূর-দূরান্তের মানুষজন আসেন বর্ধমানে। স্টেশন থেকে টোটোয় চড়ে কেউ যান খোসবাগান, আবার কেউ বর্ধমান বিশ্ববিদ্যালয়। টোটোয় ওঠার পর যাত্রীরা বুঝতেই পারেন না, তাঁরা সড়ক না জলপথে যাচ্ছেন। টোটো যেন নৌকার মতো দুলতে থাকে। একটু এদিক সেদিক হলেই বিপদ নিশ্চিত। তাই টোটোয় ওঠার আগেই অনেকেই ইষ্টনাম যপ করতে থাকেন। মন্ত্র বলে যদি সুস্থ হয়ে বাড়ি ফেরা যায়! বর্ধমান শহরের গোলাপবাগ হোক বা বিসি রোড সব জায়গার ছবিটা একই। পুরো রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। বৃষ্টির জল জমে তা যেন ডোবার চেহেরা নিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ভাঁড়ারে টান থাকার জন্য ইচ্ছে থাকলেও সব রাস্তা সংস্কার করা যাচ্ছে না। 

Advertisement

বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এবছর জুন মাসের মাঝামাঝি সময় থেকে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। রাস্তা সংস্কারের কাজ করতে সমস্যা হচ্ছে। তবে সব রাস্তা একসঙ্গে সংস্কার করা যাবে না। অর্থের টান রয়েছে। শহরের বাসিন্দারা বলছেন, জুনের আগে খানাখন্দগুলিতে তাপ্পি দিলে এই পরিস্থিতি তৈরি হতো না। গর্ত ভরাট না হওয়ায় বৃষ্টিতে শহরের রাস্তায় চলাফেরা করা দায় হয়ে উঠেছে। পার্কাস রোডের কাছে দাঁড়িয়ে ছিলেন অর্ঘ্য তালুকদার নামে রাজ্য সরকারের এক প্রাক্তন কর্মী। তিনি বলেন, গুসকরা থেকে প্রায়ই বর্ধমানে আসি। শহরের রাস্তা প্রায় দু’বছর ধরে বেহাল হয়ে রয়েছে। কয়েকটি রাস্তা সংস্কার হয়েছে। সেগুলি আবার বেহাল হয়ে গিয়েছে। কাজের গুণগতমান ভালো হলে এমনটা হতো না। 
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জামাইবাবুর চিকিৎসার জন্য এসেছিলেন মানকরের শম্ভু চট্টোপাধ্যায়। তিনি বলেন, হাসপাতালের আশপাশের রাস্তা সংস্কার করা দরকার ছিল। অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতে সমস্যা হচ্ছে। কোনও দিন অ্যাম্বুলেন্স উল্টে গিয়ে প্রাণহানির মতো ঘটনা হতে পারে। পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, কয়েকটি রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। তবে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা আদৌ পুজোর আগে সংস্কার হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। জলের পাইপ লাইন বসাতে গিয়ে কয়েকটি রাস্তা খুঁড়তে হচ্ছে। টেকনিক্যাল কারণে একাধিকবার পাইপ তুলে তা আবার নতুন করে বসাতে হয়েছে। জিটি রোড সংস্কারের কাজও চলছে। বৃষ্টি শুরু হওয়ায় জল জমে জিটি রোডের অবস্থাও বেহাল হয়ে গিয়েছে। চেয়ারম্যান বলেন, সব রাস্তা বেহাল, এই অভিযোগ ঠিক নয়। কয়েকটি রাস্তায় পেভারব্লক বসানো হয়েছে। আরও কয়েকটি রাস্তায় পেভারব্লক বসানো হবে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলি আগে সংস্কার হবে। টানা বৃষ্টি হলে রাস্তা সংস্কার করার পরেও লাভ হয় না। আবার খানাখন্দ হয়ে যায়। বৃষ্টি একটু কমলে সংস্কারে জোর দেওয়া হবে।  বর্ধমান শহরে রাস্তা বেহাল। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ