Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হোটেল থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে গেল তেলেঙ্গানা পুলিস! জানেই না লালবাজার

কলকাতার শেক্সপিয়ার সরণি এলাকার হোটেল থেকে এক ব্যবসায়ীকে তুলে  নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তেলেঙ্গানা পুলিসের বিরুদ্ধে

হোটেল থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে গেল তেলেঙ্গানা পুলিস! জানেই না লালবাজার
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার শেক্সপিয়ার সরণি এলাকার হোটেল থেকে এক ব্যবসায়ীকে তুলে  নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তেলেঙ্গানা পুলিসের বিরুদ্ধে। যদিও গোটা বিষয়ে অন্ধকারেই ছিল লালবাজার। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম যশবিন্দর সিং। তাঁর পরিবারের তরফে শেক্সপিয়ার থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতার পুলিসের দাবি, এব্যাপারে তাদের কিছুই জানানো হয়নি। অন্য রাজ্য থেকে এসে গ্রেপ্তারির ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। এক্ষেত্রে তাও মানা হয়নি। তবে ওই ব্যবসায়ীকে যে তেলেঙ্গানা পুলিসের গোলকোণ্ডা থানার আধিকারিকরা নিয়ে গিয়েছে, প্রাথমিক তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত লালবাজার। কিন্তু স্থানীয় থানাকে না জানিয়েই  কেন, কোন অভিযোগের ভিত্তিতে তারা এই পদক্ষেপ নিল, ইমেল মারফত তা জানতে চেয়েছে কলকাতা পুলিস। লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে শেক্সপিয়ার থানা এলাকার একটি হোটেলে ওঠেন যশবিন্দর সিং নামের ওই ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে তেলেঙ্গানা পুলিসের গোলকোণ্ডা থানার আধিকারিকের পরিচয় দিয়ে কেউ বা কারা তাঁকে তুলে নিয়ে যায়। ব্যবসায়ীর সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ অবস্থায় পায় পরিবার। এরপরেই থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবারটি। শেক্সপিয়ার থানার তরফে তেলেঙ্গানার গোলকোন্ডা থানার সঙ্গে যোগাযোগ করা হয়। যশবিন্দরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত হয় কলকাতা পুলিস। কিন্তু এটুকু বাদে আর কোনও তথ্যই জানায়নি গোলকোন্ডা থানা। জানা গিয়েছে, যশবিন্দরকে তুলে নিয়ে যাওয়ার চব্বিশ ঘন্টা পরেও তাঁকে সেখানকার আদালতে পেশ করা হয়নি। পাশাপাশি, ব্যবসায়ীকে নিয়ে যেতে সেখান থেকে কতজন আধিকারিক এসেছিলেন, হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোন গাড়ি ব্যবহার করা হয়, সেগুলোও জানতে চাওয়া হয়েছে ইমেলে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ