Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইন্টেনসিভ রিভিশন নিয়ে সুর চড়াল কেন্দ্রের শরিক টিডিপি

কেন্দ্রীয় সরকারের শরিক হলেও এবার টিডিপির গলায় সমালোচনার সুর। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে প্রবল সমালোচনা করল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল।

ইন্টেনসিভ রিভিশন নিয়ে সুর চড়াল কেন্দ্রের শরিক টিডিপি
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের শরিক হলেও এবার টিডিপির গলায় সমালোচনার সুর। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে প্রবল সমালোচনা করল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল। তৃণমূলের সুরে তারাও জানিয়ে দিল, ভোটার তালিকা শুদ্ধকরণে সাম্প্রতিক নির্বাচনের ভোটার তালিকাই গ্রাহ্য করতে হবে। তৃণমূল বলেছিল, ২০০৩ সালের নয়। এসআইআরের ক্ষেত্রে ২০২৪ সালের ভোটার তালিকাকেই মানতে হবে। মঙ্গলবার টিডিপিকে ডেকেছিল ভারতের নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ বাকি দুই কমিশনারও হাজির ছিলেন। সেখানে মুখোমুখি হয়েছিলেন তেলুগু দেশম পার্টি’র লোকসভার দলনেতা লব শ্রীকৃষ্ণ দেবারায়ালু সহ ছজন নেতা। মুখোমুখি বলা তো বটেই, কমিশনকে এ ব্যাপারে কড়া চিঠিও দিয়েছে চন্দ্রবাবুর দল। সোমবারই দলের নেতা গজপতি রাজুকে রা‌জ্যপাল করে শরিকদের সন্তুষ্ট করার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু ভোট বড় বালাই! তাই কমিশনের সমালোচনা করতে পিছপা হয়নি টিডিপি। চিঠিতে বলা হয়েছে, ভোটার শুদ্ধকরণ যেন কোনওভাবেই নাগরিকত্বের কর্মসূচিতে পরিণত না হয়। তালিকায় মৃত, তথা অন্যত্র ভোটার কার্ড করে নেওয়া নাগরিকের নাম শুধু যেন বাদ দেওয়া হয়। এসআইআরের নামে যেন কোনওভাবেই পরিযায়ী শ্রমিকদের নাম বাদ না যায়। তারা আরও বলেছে, নির্বাচনের ছ’ মাস বাকি থাকতে কোথাও যেন এসআইআর কর্মসূচি না হয়। অনেক আগে থেকেই এই কাজ করা উচিত। তাছাড়া কোনও নাম বাদ দিতে গেলে, তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই। যার নাম বাদ দেওয়া হচ্ছে, তার উপর দায় চাপানো চলবে না। অর্থাৎ পক্ষান্তরে বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রামাণ্য নথি জমা করতে না পারার অপরাধে যেন কারও নাম বাদ না হয়। এসআইআর যেন হয় বিশুদ্ধ ভোটার তালিকা শুদ্ধকরণ। ভোটার তালিকা শুদ্ধকরণের কাজে প্রয়োজনে আধার সংযুক্তিকরণের পক্ষে মতামত দিয়েছে চন্দ্রবাবুর দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ