Bartaman Logo
১০ জুন, ২০২৬

ট্যাংরা কাণ্ডের ছায়া হরিয়ানায়, গাড়িতে ৩ শিশু সহ ৭ জনের দেহ

সোমবার রাত। হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২৭। হাঁটতে বেরিয়েছিলেন পুনীত রানা নামে এক স্থানীয় বাসিন্দা।

ট্যাংরা কাণ্ডের ছায়া হরিয়ানায়, গাড়িতে ৩ শিশু সহ ৭ জনের দেহ
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: সোমবার রাত। হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২৭। হাঁটতে বেরিয়েছিলেন পুনীত রানা নামে এক স্থানীয় বাসিন্দা। ঠিক সেই সময়ই তাঁর চোখে পড়ে রাস্তার ধারে দরজা খোলা অবস্থায় দাঁড়ানো একটি গাড়ি। উত্তরাখণ্ডের নম্বরপ্লেট। ব্যাক সিটের জানলায় তোয়ালে ঝুলছে। সন্দেহ হয় পুনীতের। গাড়ির সামনে একজনকে বসে থাকতে দেখে তিনি এগিয়ে যান। ওই ব্যক্তি জানান, ‘বাগেশ্বর ধাম থেকে ফিরছিলাম। হোটেল পাইনি। তাই গাড়িতেই রাত কাটাচ্ছি।’ তাঁর কথা পুরোপুরি বিশ্বাস হয়নি পুনীতের। টর্চ জ্বালিয়ে গাড়িতে উঁকি দিতেই মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড়! গাড়ির মধ্যে পড়ে ছ’টি নিথর দেহ। তার মধ্যে তিনজনই শিশু। দেখেই বোঝা যাচ্ছে, প্রত্যেকেই বমি করেছেন। দুর্গন্ধে পুনীতের গা গুলিয়ে ওঠে। ততক্ষণে শ্বাসকষ্ট শুরু হয়েছে গাড়ির সামনে বসে থাকা ওই ব্যক্তির। চোখে মুখে জল দিতেই ক্ষীণকণ্ঠে তিনি বলে ওঠেন, ‘ব্যাঙ্কে প্রচুর ঋণ। আত্মীয়রা কোটিপতি। তাও কেউ সাহায্য করেনি...।’ পুনীত সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন... তখনই আসল চমক। ওই ব্যক্তি বলে ওঠেন, ‘আমিও বিষ খেয়েছি। আর পাঁচ মিনিটের মধ্যে মারা যাব।’ পুনীত কিছু বুঝে ওঠার আগেই তিনি অজ্ঞান হয়ে যান। সেই সময় ভিড় জমে গিয়েছে ওই এলাকায়। দ্রুত অ্যাম্বুলেন্সে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। পরিচয় অবশ্য জানা হয়ে গিয়েছে। উনি প্রবীণ মিত্তল (৪১)। পরিবারের কর্তা। বাকি ছ’জন প্রবীণের বাবা-মা, স্ত্রী, যমজ মেয়ে ও এক ছেলে।

Advertisement

ব্যবসায় ক্ষতি, পাওনাদারদের লাগাতার চাপ, মানসিক উদ্বেগ... ত্রিফলায় বিদ্ধ হয়ে গণআত্মহত্যা! গত ১৭ ফেব্রুয়ারি কলকাতায় রাতারাতি পরিবারের স্ত্রী-মেয়েদের খুন করে গাড়ি নিয়ে আত্মহত্যা করতে বেরিয়েছিলেন ব্যবসায়ী দুই ভাই। ট্যাংরার শীলপাড়ার দে বাড়ির সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা রাজ্য-দেশ। ফের তেমনই এক ঘটনা। এবার হরিয়ানায়। ঋণের অঙ্কটা আরও বড়। ২০ কোটি টাকা।
পুলিস জানিয়েছে, পঞ্চকুলার সাকেত্রি এলাকার বাসিন্দা মিত্তল পরিবার। হিমাচল প্রদেশের বাদ্দিতে তাঁদের লোহালক্করের ব্যবসা ছিল। ঋণের বোঝায় সেই কোম্পানি অধিগ্রহণ করে ব্যাঙ্ক। বাজেয়াপ্ত হয় দু’টি ফ্ল্যাট ও একটি গাড়ি। ছ’বছর আগে কাউকে কিছু না জানিয়ে গোটা পরিবার চলে যায় দেরাদুনে। সেই সময় প্রায় ২০ কোটি টাকা ঋণের বোঝা প্রবীণের ঘাড়ে। গত বছর তাঁরা পাঞ্জাবে চলে আসেন। সেখান থেকে হরিয়ানার পিঞ্জোরে, শ্বশুরবাড়িতে। সেখানে কিছুদিন কাটিয়ে একমাস আগে চলে গিয়েছিলেন পঞ্চকুলায়। সোমবার বাগেশ্বর ধামে একটি ধার্মিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফেরার পথেই চরম সিদ্ধান্ত নেন। গাড়ির মধ্যেই বিষপান করেন সকলে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে লেখা, ‘সন্দীপ আগরওয়ালকে খবর দেবেন। ও শেষকৃত্য করবে।’ পুলিস জেনেছে, লুধিয়ানার বাসিন্দা সন্দীপ প্রবীণের তুতোভাই। তিনি জানিয়েছেন, বর্তমানে ট্যাক্সি চালিয়ে কোনওমতে সংসার চালাতেন প্রবীণ। পঞ্চকুলার ডিসিপি অমিত দাহিয়া জানিয়েছেন, ঘটনার তদন্তে পাঁচটি টিম গঠন করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ