


ইসলামাবাদ: পাকিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই এবার রাওয়ালপিন্ডির নুর খান বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা আফগানস্তানের। রবিবার মধ্যরাতে সমাজমাধ্যমে একথা জানিয়েছে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক। পালটা জবাব দিয়েছে ইসলামাবাদ। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খোস্ত অঞ্চলে আফগান বাহিনীর অস্ত্র ভাণ্ডার ধ্বংস করেছে পাক সেনা। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লা তারার জানান, সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪১৫ জন তালিবানের মৃত্যু হয়েছে। আহত আরও ৫৮০ জন।
শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। এর জেরে ফের ইসলামাবাদের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে তালিবান বাহিনী। সেদিনই কাবুলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এরইমধ্যে এক্স হ্যান্ডলে বেশ কয়েকটি উপগ্রহ চিত্র প্রকাশ করে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক। ছবির সঙ্গে দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘রবিবার রাতে পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি আক্রমণ করেছে বায়ুসেনা। এরমধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান বায়ুসেনা ঘাঁটিও। বালুচিস্তানের কোয়েটায় দ্বাদশ ডিভিশনের সদর দপ্তর ও খাইবার পাখতুনওয়ার একাধিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে।’ গত মে মাসে ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছিল নুর খান বায়ুসেনা ঘাঁটি। উপগ্রহ চিত্রে দেখা যায়, ভারতের প্রত্যাঘাতে রানওয়ে সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি, সেখানে পুনর্নিমাণের কাজ শুরু করেছিল পাক সেনা।