নয়াদিল্লি: প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা ভেস্তে গেল মুম্বই জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর রানার। ভারতে প্রত্যর্পণে স্থগিতাদেশ চেয়ে আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পাক বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী। কিন্তু তার আর্জি খারিজ হয়ে গেল। ৬৪ বছরের রানা এখন লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটান ডিটেনশন কেন্দ্রে বন্দি। ভারতে প্রত্যর্পণে স্থগিতাদেশ চেয়ে সে জরুরি ভিত্তিতে গত ফেব্রুয়ারি মাসে আদালতের দ্বারস্থ হয়েছিল। কিন্ত গতমাসেই তাঁর ওই আর্জি নাকচ হয়ে যায়।
এরপর ফের সে প্রধান বিচারপতির কাছে নতুন করে আবেদন জানায়। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে ফের বড়সড় ধাক্কা খেল রানা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুসারে, ওই আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলে রানাতে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে আর কোনও বাধা থাকল না। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারত রানাকে হাতে পেতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মার্কিন সফরকালে ২৬/১১ হামলায় অভিযুক্ত রানাকে ভারতে প্রত্যর্পণের কথা জানিয়েছিলেন ট্রাম্প।