


নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ: আরও একবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। রবিবাসরীয় আমেদাবাদে সূর্যকুমার যাদবের হাতে ট্রফি দেখার স্বপ্নে বিভোর আসমুদ্রহিমাচল। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দেবেন না তো ভারতীয় স্পিনাররা! বিশেষ করে বরুণ চক্রবর্তী। সেমি-ফাইনালে তাঁকে স্কুলস্তরে নামিয়ে এনেছিলেন ইংল্যান্ডের তরুণ তুর্কি জেকব বেথেল। ৪ ওভারে মাত্র ১টি উইকেট নিয়ে মিস্ট্রি স্পিনার খরচ করেন ৬৪। যা তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ স্পেল। অতীতে আর কোনো ভারতীয় বোলার টি-২০’তে এত রান খরচ করেননি! তারপর থেকেই বরুণের জায়গায় কুলদীপকে খেলানোর দাবি সর্বত্র। কিন্তু বড় প্রশ্ন, ফাইনালের মতো ম্যাচে কোচ গৌতম গম্ভীর কী উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন? নাকি সাহসিকতার পরিচয় দিয়ে কুলদীপ যাদবকে খেলাবেন?
বরুণ চক্রবর্তী বিশ্বকাপের শুরুটা মন্দ করেননি। গ্রুপ পর্বে তো তিনিই ভারতের সেরা স্পিনার ছিলেন। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। কিন্তু সুপার এইট থেকে অজানা কারণে তাঁর মিস্ট্রি উধাও। তারপর ওভার প্রতি ১১.৬২ রান খরচ করেছেন তিনি। তাঁকে মিডিয়াম পেসার ভেবে খেলে দিচ্ছেন বিপক্ষ ব্যাটাররা। সেমি-ফাইনালে বেথেল-জ্যাকসদের দাপটে তো জায়গায় বল ফেলতেই ভুলে গিয়েছিলেন। কিপার সঞ্জু স্যামসন বারবার তাঁকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেও লাভ হয়নি। বলতে দ্বিধা নেই, ফাইনালে নামার আগে আত্মবিশ্বাস তলানিতে থাকবে বরুণের। এমন পরিস্থিতিতে তাঁকে খেলানোটা কতটা যুক্তিসঙ্গত? তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। কারণ, ভারতের ছ’নম্বর বোলিং বিকল্প শিবম দুবের অবস্থা আরও খারাপ। চলতি টুর্নামেন্টে তাঁর ইকোনমি রেট ১৪.১২।
একান্তই যদি ফাইনালে বরুণকে বসানো হয়, যোগ্য বিকল্প হবেন কুলদীপ। চায়নাম্যান স্পিনারের সবচেয়ে বড় শক্তি, মিডল অর্ডারে উইকেট এনে দেওয়া। যা শেষ দু’টি ম্যাচে করতে পারেননি বরুণ। তাই ডেথ ওভারে বুমরাহ-অর্শদীপদের উপর বেশি চাপ পড়েছে। তাছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুলদীপের পরিসংখ্যানও বেশ উজ্জ্বল। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই কিউয়িদের হারাতে বড় ভূমিকা রেখেছিলেন চায়নাম্যান স্পিনার। ১০ ওভারে ৪০ রানের বিনিময়ে মূল্যবান দু’টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আউট করেছিলেন রাচীন রবীন্দ্র ও কেন উইলিয়ানসনকে। তাই রবিবার ঝুঁকি নিতে পারলে কুলদীপ হয়ে উঠতে পারেন ভারতের তুরুপের তাস। তবে চলতি টুর্নামেন্ট মাত্র একটি ম্যাচই খেলেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৩ ওভার হাত ঘুরিয়ে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছিলেন। দুম করে তাঁকে কি ফাইনালে খেলাবে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক?