সংবাদদাতা, জঙ্গিপুর: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সুতিতে। এলাকাবাসীর অভিযোগ, শিডিউল মেনে রাস্তার কাজ হচ্ছে না। রাস্তার কাজের নিম্নমান নিয়ে প্রশাসনকে অথিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি অরঙ্গাবাদ হাইস্কুল থেকে কাশিমনগর পর্যন্ত একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। বাসিন্দাদের বক্তব্য, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। সংস্কার শুরু আগে পুরনো পিচ ও পাথর তুলে ফেলে দিয়ে করাই নিয়ম। কিন্তু তা করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। শিডিউল মেনে না করলে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। জুনিয়র ইঞ্জিনিয়ার পিসাই সাহা অবশ্য গ্রামবাসীদের অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, গ্রামবাসীদের অভিযোগ ঠিক নয়। শিডিউল মেনেই কাজ হচ্ছে। এই কাজ তিনটি পর্বে পরীক্ষা হয়। নিয়ম মেনে কাজ না হলে বিল আটকে যাবে। সুতি ২ ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী বলেন, কাজটি জেলা পরিষদের তত্ত্বাবধানে চলছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। জুনিয়র ইঞ্জিনিয়ার আরও বলেন, ড্রেনের জন্য আউটলেট পাওয়া যাচ্ছে না। ড্রেনেরও কাজ হবে তবে ড্রেনের দৈর্ঘ কমবেশি হবে।



