মুম্বই: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় অবশেষে নিজের পাসপোর্ট ফিরে পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। পাঁচ বছর আগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কাছে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল তাঁকে। তবে সম্প্রতি বম্বে হাইকোর্টে স্বস্তি পেয়েছেন নায়িকা। তাঁকে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে আদালত। তারপরই পাসপোর্ট ফেরত পেলেন রিয়া।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পাসপোর্টের ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘গত ৫ বছর ধরে ধৈর্যই ছিল আমার একমাত্র অস্ত্র। টানা লড়াই, অফুরন্ত আশার পরে আজ পাসপোর্ট ফিরে পেলাম। এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। সত্যের জয় হোক।’ ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় রিয়াকে গ্রেফতার করেছিল এনসিবি। সুশান্তের মৃত্যু মামলার সঙ্গেই জড়িয়েছিল এই মামলা। জামিনের সময় তাঁকে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল।