Bartaman Logo
১২ জুন, ২০২৬

বাতিল ৬৫ লক্ষ ভোটারের তথ্য জানান, বিহারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম নির্দেশ

বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে উত্তাল সংসদ। বিরোধীদের প্রবল চাপ সত্ত্বেও এই ইস্যুতে আলোচনায় রাজি নয় সরকার পক্ষ। এই পরিস্থিতিতেই বিহারে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বুধবার নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

বাতিল ৬৫ লক্ষ ভোটারের তথ্য জানান, বিহারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম নির্দেশ
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে উত্তাল সংসদ। বিরোধীদের প্রবল চাপ সত্ত্বেও এই ইস্যুতে আলোচনায় রাজি নয় সরকার পক্ষ। এই পরিস্থিতিতেই বিহারে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বুধবার নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। তাদের দাবি ছিল, খসড়া তালিকায় বাদ দেওয়া নামগুলির মধ্যে কারা মৃত, কারা স্থায়ী পরিযায়ী বা অন্য কোনও কারণে কারও নাম বাতিল হয়েছে কি না, তা জানাতে নির্দেশিকা দেওয়া হোক। এদিন সেই মামলার শুনানি ছিল বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি এন কোটিশ্বর রাওয়ের বেঞ্চে। সওয়াল-জবাব শেষে নির্বাচন কমিশনকে আগামী শনিবারের মধ্যে এই সংক্রান্ত তালিকা এডিআরের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। 
বিহারে এসআইআর নিয়ে গত ২৪ জুন নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এডিআর। মামলা চলাকালীনই প্রায় ৬৫ লক্ষ নাম বাদ দিয়ে তালিকা প্রকাশ করে কমিশন। এই অবস্থায় বেছে বেছে এই নামগুলি কেন বাদ দেওয়া হল, তা জানানোর নির্দেশিকা চেয়ে শীর্ষ আদালতে নতুন করে মামলা করে এডিআর। এদিন এডিআরের আইনজীবী প্রশান্ত ভূষণকে সুপ্রিম কোর্টের জানায়, তালিকা এখনও খসড়া পর্যায়ে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই বাদ দেওয়ার কারণ জানা যাবে। তখন প্রশান্ত ভূষণ বলেন, কয়েকটি রাজনৈতিক দলকে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা দিয়েছে কমিশন। তবে তাতে ভোটাররা মৃত বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছে কি না, তার কোনও উল্লেখ নেই। তখন বিচারপতিরা কমিশনের আইনজীবীকে জানান, ‘কোন কোন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, আমরা তা দেখতে চাই। এই নিয়ে বিস্তারিত তথ্য জানাতে হবে।’ শীর্ষ আদালতের পক্ষ থেকে তালিকা প্রকাশের জন্য শনিবার পর্যন্ত সময় ধার্য করা হয়। বিচারপতিরা বলেন, ‘আগে মামলাকারী প্রশান্ত ভূষণকে তালিকা দেখতে দিন। এরপর আমরা দেখব কোন তথ্য দেওয়া রয়েছে, আর কোনটা নেই!’

Advertisement

এসআইআর নিয়ে এডিআরের দায়ের করা আগের মামলার প্রসঙ্গও এদিন ওঠে শীর্ষ আদালতে। প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, ৭৫ শতাংশ ভোটার এনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন। তবে কমিশন নির্ধারিত ১১টি নথির কোনওটিই জমা দেননি। বুথ লেভেল অফিসারদের (বিএলও) সুপারিশের ভিত্তিতেই তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আদালত তখন জানায়, কমিশনের ২৪ জুনের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি হবে ১২ আগস্ট থেকে। এডিআর তখন বিষয়টি তুলে ধরতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ