Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মৃত ছাত্রীকে বরখাস্ত করার দাবিতে চিঠি দেয় অভিযুক্তের সমর্থকরা! চাঞ্চল্য

অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তা ও লাগাতার মানসিক নির্যাতনের অভিযোগ তুলে কলেজেই গায়ে আগুন দিয়েছিলেন। গত সোমবার মৃত্যু হয় ওড়িশার সেই নির্যাতিতা ছাত্রীর।

মৃত ছাত্রীকে বরখাস্ত করার দাবিতে চিঠি দেয় অভিযুক্তের সমর্থকরা! চাঞ্চল্য
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তা ও লাগাতার মানসিক নির্যাতনের অভিযোগ তুলে কলেজেই গায়ে আগুন দিয়েছিলেন। গত সোমবার মৃত্যু হয় ওড়িশার সেই নির্যাতিতা ছাত্রীর। এনিয়ে তোলপাড় গোটা রাজ্য। তারই মাঝে উঠে এল একটি চাঞ্চল‌্যকর তথ্য। জানা গিয়েছে, ওই নির্যাতিতাকে বরখাস্ত করার দাবি জানিয়ে ওড়িশার ফকির মোহন কলেজের প্রিন্সিপালকে চিঠি দিয়েছিল ৭১ জন পড়ুয়ার একটি দল। এরা সকলেই অভিযুক্ত অধ‌্যাপক সমীর সাহুর সমর্থক। এমনকী নিগৃহীতা ছাত্রীর মুখ বন্ধ করানোর চেষ্টা করেছিল বিজেডি ও কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরাও। ১ জুলাই লেখা সেই চিঠিতে বলা হয়েছিল, ওই নির্যাতিতার যাবতীয় অভিযোগ মিথ্যা। অবিলম্বে ওই ছাত্রী ও যাঁরা তাঁকে মদত দিচ্ছেন, তাঁদের যেন বরখাস্ত করা হয়। নির্যাতিতার এক ঘনিষ্ঠ বন্ধুর কথায়, ‘অভিযোগটি সামনে আসার পর থেকেই তাঁকে চুপ করাতে লাগাতার চেষ্টা চালিয়ে যায় বিজেডি ও কংগ্রেসের ছাত্র সংগঠন। আসলে ছাত্র রাজনীতির জাঁতাকলে পড়ে ও সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচারের চাপেই আত্মহত্যার পথ বেছে নিতে হয় তাঁকে।’ প্রসঙ্গত, সোমবার রাত ১১টা ৪৬ মিনিট নাগাদ মৃত্যু হয় ওই কলেজ পড়ুয়ার। ঘটনায় বৃহস্পতিবার রাজ্যজুড়ে বন্‌ধ ডাকে বিরোধী দলগুলি। তাদের কথায়, বর্তমান বিজেপি সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। আসলে ওই ছাত্রী সিস্টেমের শিকার। প্রশাসনিক অব্যবস্থাই তরুণীর প্রাণ কেড়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ