Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

গরমে মেকআপ

ক্যালেন্ডারে দিন যত এগচ্ছে, পাল্লা দিয়ে জাঁকিয়ে বসছে বৈশাখ। দিনকয়েক কালবৈশাখীর পরশ থাকলেও তাপমাত্রার লম্ফন তাতে ঠেকিয়ে রাখা দায়! অথচ অফিসকাছারি যেতে হচ্ছে কড়া রোদের মধ্যেই।

গরমে মেকআপ
  • ৩ মে, ২০২৫ ০৪:০০

গরমে বিয়েবাড়ি বা নিত্যদিনের প্রসাধনের শত্রু ঘাম। কোন কোন কৌশলে মেকআপ করলে গ্রীষ্মেও সতেজ থাকবেন? জানালেন প্রসাধনশিল্পী অনিরুদ্ধ চাকলাদার।

Advertisement

ক্যালেন্ডারে দিন যত এগচ্ছে, পাল্লা দিয়ে জাঁকিয়ে বসছে বৈশাখ। দিনকয়েক কালবৈশাখীর পরশ থাকলেও তাপমাত্রার লম্ফন তাতে ঠেকিয়ে রাখা দায়! অথচ অফিসকাছারি যেতে হচ্ছে কড়া রোদের মধ্যেই। তাতেও প্রয়োজন হালকা রূপটান। এদিকে বিয়েবাড়ির মরশুমও চলছে। ফলে লোক-লৌকিকতা, নিমন্ত্রণরক্ষা সবেতেই রূপটানকে সঙ্গী করতেই হচ্ছে। এদিকে এই প্রবল গরমে হালকা মেকআপও টিকিয়ে রাখা সমস্যার! শরীরের ঘাম ও প্রকৃতির আর্দ্রতা দোসর হয়ে যেন শত্রুতা শুরু করে মেকআপের। 
তাহলে উপায়? গরমে কি ন্যূনতম রূপটানও টিকিয়ে রাখা যাবে না? রূপটানশিল্পী অনিরুদ্ধ চাকলাদার যদিও এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় বাতলেছেন। তাঁর মতে, গরমে মেকআপ করার আগে কিছু নিয়ম মেনে চললে 
এই সমস্যাগুলো কিছুটা এড়ানো সম্ভব। জানালেন, ‘দিনের বেলা মেকআপ করার আগে সারা বছরই আমরা সানস্ক্রিন ব্যবহার করি। কিন্তু গরমে এই সানস্ক্রিন একটু ম্যাটজাতীয় জেল বেসড বেছে নিলে কিন্তু ঘাম কিছুটা 
এড়ানো যায়। এর উপর অল্প করে একটু 
কমপ্যাক্ট লাগালেই মুখের মেকআপ সারা। সঙ্গে চোখে হালকা করে স্মাজপ্রুফ কাজল বা লাইনার দিতে পারেন। নিত্যদিনের অফিসের সাজ গরমে এটুকুই যথেষ্ট।’
তবে যুগের সঙ্গে পাল্লা দিয়ে এখনকার ফ্যাশনিস্তারা অনেক সময় বেছে নেন ‘নো মেকআপ লুক’। গরমে এই নো মেকআপ লুকের একটা আলাদা চাহিদা যে আছে, তা মেনে নিলেন রূপটানশিল্পী। সাধারণত ‘নো মেকআপ লুক’ বলতে মিনিমালিস্টিক অর্থাৎ অল্পস্বল্প মেকআপ বোঝায় তবে গরমের মরশুমে এই মেকআপ বলতে সম্পূর্ণ মিনিমালিস্টিক বা নামমাত্র মেকআপ বোঝায়। অনিরুদ্ধবাবুর মতে, ‘নো মেকআপ লুক মানে নিজের স্কিন টোনের কাছাকাছি শেড দিয়ে মেকআপ। এই সাধারণ ধারণাটুকু মাথায় রেখে নো মেকআপ লুক আনার চেষ্টা করতে পারেন। এই মরশুমে নিমন্ত্রণবাড়িতেও অনেকে এই নো মেকআপ লুক বেছে নিতে চাইছেন। এক্ষেত্রে সানস্ক্রিন ও কমপ্যাক্ট দিয়েই মুখের মেকআপ করুন। চোখের জন্য হালকা ব্রাউনের সঙ্গে স্কিন শেডের কাছাকাছি কোনও রঙের কাজল বাছতে পারেন। আই শ্যাডো ব্যবহার না করলেই ভালো, তবে করতে চাইলে তা ম্যাট বা গায়ের রঙের কাছাকাছি কোনও রং অল্প করে ব্যবহার করতে পারেন। সরু করে শুধু লাইনার ব্যবহারও করতে পারেন চোখের পাতায়। সেক্ষেত্রে কাজল না থাকলেও খারাপ দেখাবে না। রাতের অনুষ্ঠান হলে পাউডার বেসড ব্লাশ অন অল্প করে ব্যবহার করতে পারেন। সকালের কোনও অনুষ্ঠানে গরমে ব্লাশ অন না ব্যবহার করাই ভালো। সঙ্গে ম্যাটজাতীয় হালকা একটু লিপস্টিকেই সারতে হবে সাজ।’ 
কিন্তু এক একজনের গায়ের রং তো এক একপ্রকার। তাই নিজের স্কিন টোনের কাছাকাছি রং কী হবে 
তা বুঝতেও অনেকের অসুবিধা হয়। তার সমাধানও বাতলালেন তিনি। যাঁদের ত্বক উজ্জ্বল ও মেলানিন কম থাকায় সাদাটে, তাঁরা মিনিমালিস্টিক সাজে গোলাপি বা হালকা বেজ রঙের শেড ব্যবহার করতে পারেন। ত্বকের রঙে মেলানিন বেশি থাকলে বা গাঢ়রঙা ত্বক হলে ডিপ ব্রাউন বা ব্রাউন শেডে মেকআপ, সঙ্গে ওয়াইন রঙের লিপস্টিক বেছে নিতেই পরামর্শ দিচ্ছেন তিনি। তবে মেকআপ শুধু করলেই তো হবে না, তাকে টিকিয়ে রাখতেও জানতে 
হবে। তাই পরিবেশের আর্দ্রতা ও নিজের ঘামের প্রকৃতি ও ধরন বুঝে কম মেকআপ করাই বুদ্ধিমানের কাজ। এছাড়াও মেকআপ করা অবস্থায় ঘাম কম হওয়ার কিছু কৌশল জানালেন অনিরুদ্ধ। ‘মেকআপ করলে ঘাম হওয়াটাই স্বাভাবিক। তবে ঘামের পরিমাণ কমাতে চাইলে বিকেলে মেকআপ করলে তার আগে অ্যাস্ট্রিনজেন্ট বা টোনার লাগিয়ে নিন। তাতে ত্বকের পোরস কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, ঘাম বেরতে পারে না। অনেকেই আছেন, মেকআপ করেই তাড়াহুড়ো করে বেড়িয়ে পড়েন, এটা ঠিক নয়। বরং মেকআপ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। ত্বকের সঙ্গে মেকআপ বসে যেতে দিন। তারপর বাইরে বেরন, এতেও মেকআপ দীর্ঘস্থায়ী হবে। আমাদের দেশের যা আবহাওয়া তাতে গরমে মেকআপ টিকিয়ে রাখা সত্যিই মুশকিলের। সেক্ষেত্রে হয়তো এত ভারী মেকআপ করতে হল যে তা দেখেই কৃত্রিম বলে মনে হল। তার চেয়ে ব্যাগে রাখুন টাচ আপের সামগ্রী। প্রয়োজন মতো কমপ্যাক্ট বা লিপস্টিক ব্যবহার করুন।’
তবে মেকআপ করার পরেও কিন্তু ত্বকের ভালো থাকার দিকটি খেয়াল রাখতে হবে। অনেকেই মেকআপ করার সময় যে সময় বা যত্ন নেন, মেকআপ তোলার সময় তা বজয় রাখেন না। তাই গরম হোক বা শীত, মেকআপ তোলার সময়ও  যথেষ্ট সচেতন হতে হবে। যত ক্লান্তই থাকুন, মেকআপ না তুলে ঘুমোবেন না। এক্ষেত্রে ওয়েট টিস্যু ব্যবহার করে মেকআপ ভালো করে মুছে 
একটি ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তবেই ত্বক সজীব থাকবে। মেকআপের রাসায়নিক ত্বকে বসে অকালে বলিরেখা তৈরি করতে পারবে না।  
মনীষা মুখোপাধ্যায়

সম্পর্কিত সংবাদ