সংবাদদাতা, রঘুনাথপুর: একাধিক দাবিকে সামনে রেখে রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য আন্দোলন করে এসইউসি। এদিন আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীরা যাতে মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে না পারে তার জন্য পুলিসের তরফ থেকে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছিল। দলের নেতা, কর্মীরা ব্যারিকেড ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করে। পুলিস তাদের গেটেই আটকে দেয়। পুলিসের কাজে বাধা পেয়ে দলীয় নেতা, কর্মীরা রঘুনাথপুর-সাঁওতালডিহি রাজ্যসড়ক অবরোধ করে। বেশ কিছুক্ষণ অবরোধ চলে। পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
দলের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে কেন্দ্র এবং রাজ্য দুই সরকার সাধারণ মানুষের কথা না ভেবে নিজেদের মতো করে কাজ করছে। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা আজ চাকরি হারিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য সহ সমাজের কর্মক্ষেত্রে দুর্নীতি ও হুমকির সংস্কৃতি দেখা দিয়েছে। সর্বনাশা জাতীয় শিক্ষানীতি ২০২০ আনা হয়েছে। এটা বাতিল করা একান্ত প্রয়োজন। জেলায় খরা সমস্যার সমাধান নেই। শিল্পের নামে পরিবেশ দূষণ হচ্ছে। প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে। সেই বিষয়গুলিকে সামনে রেখেই আইন অমান্য আন্দোলন।
দলের তরফ থেকে পুরুলিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক লক্ষীনারায়ণ সিনহা বলেন, বেকার সমস্যার সমাধানে কোনও সরকারের সদিচ্ছা নেই। এলাকায় শিল্প কলকারখানা নেই। যে কয়টি কারখানা আছে সেখানে বহিরাগতরা চাকরি করছে। এলাকার মানুষ ছাই, কালো ধোঁয়া খাচ্ছে। বড় বড় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আদতে কাজ কিছুই হচ্ছে না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে লড়াইয়ে নেমেছি। -নিজস্ব চিত্র