Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১৬০ স্টল নিয়ে আজ শুরু কোচবিহার জেলা বইমেলা

১৬০ স্টল নিয়ে আজ শুরু কোচবিহার জেলা বইমেলা
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ, সোমবার ঐতিহ্যবাহী রাসমেলা ময়দানে উদ্বোধন হবে কোচবিহার জেলা বইমেলার। তার আগে সাগরদিঘি চত্বর থেকে বইয়ের জন্য হাঁটুন-শোভাযাত্রায় পা মেলাবেন শহরবাসী। লোকাল লাইব্রেরি অথরিটি আয়োজিত এবারের কোচবিহার জেলা বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তথা লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য পার্থপ্রতিম রায় সহ অন্যরা।  রবিবার বইমেলাস্থল ঘুরে দেখেন পুরচেয়ারম্যান এবং পার্থপ্রতিম রায়। 
Advertisement
এবার কোচবিহার জেলা বইমেলায় অমিয়ভূষণ স্মৃতি পুরষ্কার পাচ্ছেন বিশিষ্ট লেখিকা চৈতালি ধরিত্রীকন্যা এবং অরুণেশ ঘোষ স্মৃতি পুরষ্কার পাচ্ছেন বিশিষ্ট কবি পাপড়ি গুহনিয়োগী। বইমেলায় ১৬০টি স্টল থাকছে। প্রায় ১০০টি ছোট-বড় প্রকাশনী সংস্থা থাকছে। এছাড়াও লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন, রাজবংশী, কামতাপুরী ভাষার জন্য আলাদা স্টল থাকছে। স্থানীয় লেখকদের বই প্রকাশের জন্য আলাদা প্যাভেলিয়নের ব্যবস্থা ত্থাকবে। ২৫ ডিসেম্বর শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কবিতা ও সাহিত্য বিষয়ক সেমিনারের আয়োজন হবে। তবে এবারের বইমেলায় বাংলাদেশের কোনও স্টল থাকবে না বলে আয়োজকদের সূত্রে জানা গিয়েছে। 
লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য পার্থপ্রতিম রায় বলেন, এত বড় পরিসরে কোচবিহার বইমেলা এর আগে কখনও হয়নি। ১৬০টি স্টল থাকবে। বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা। এর মধ্যে দশ লক্ষ টাকা সরকারিভাবে পাওয়া গিয়েছে। প্রায় পাঁচ লক্ষ টাকা স্টল ভাড়া বাবদ পাওয়া যাবে। এবার বাংলাদেশের কোনও স্টল থাকছে না। প্লাস্টিক মুক্ত বইমেলা করা হবে। গাছের চারা প্রদান করা হবে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
 (বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখছেন রবি ঘোষ। - নিজস্ব চিত্র।)
সম্পর্কিত সংবাদ