Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সমবায় সমিতির নবনির্বাচিতদের আর্থিক শৃঙ্খলার পাঠ দেবে রাজ্য

রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে সমবায় সমিতিগুলি। ঋণ দেওয়া থেকে শুরু করে আমানত গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এই সমিতিগুলি।

সমবায় সমিতির নবনির্বাচিতদের  আর্থিক শৃঙ্খলার পাঠ দেবে রাজ্য
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে সমবায় সমিতিগুলি। ঋণ দেওয়া থেকে শুরু করে আমানত গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এই সমিতিগুলি। বিগত এক বছরে এই সমস্ত সমিতিতে নির্বাচন করিয়ে বোর্ড গঠন নিশ্চিত করেছে রাজ্য। এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে নব নির্বাচিত বোর্ডের সদস্যদের আর্থিক শৃঙ্খলা পাঠের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অডিট করানো ছাড়াও ট্যাক্স রিটার্ন ও ক্যাশ বই সংক্রান্ত কাজকর্ম গুরুত্ব সহকারে করার বিষয়টি তাঁদের অবগত করা হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সমবায় সমিতি আইন সম্পর্কেও তাঁদের বিশেষ পাঠ দেওয়া হবে। এর ফলে সমিতিগুলির কাজে স্বচ্ছতা আসবে বলেও মনে করছে প্রশাসনিক মহল। এবিষয় রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, রাজ্যে সমবায় আন্দোলনকে আরও মজবুত করতে নির্বাচন সুনিশ্চিত করা হচ্ছে। তবে এখানেই থেমে গেলে হবে না। এর মাধ্যমে যাঁরা নির্বাচিত হয়ে আসছেন, তাঁদের সমবায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে অবগত করা ভীষণ প্রয়োজন। 

Advertisement

ইতিমধ্যে রাজ্যের ৪৭০০টি প্রাথমিক কৃষি উন্নয়ন সমিতির মধ্যে ২৫৪০টিতে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করিয়ে বোর্ড গঠন সম্পূর্ণ হয়েছে। এছাড়াও অন্যান্য সমবায় সমিতির মধ্যে অধিকাংশ নির্বাচনই সম্পূর্ণ হয়েছে। এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে সমবায় দপ্তরের অধিনস্ত পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন। তার ভাইস চেয়ারম্যান আশিস চক্রবর্ত্তী জানিয়েছেন, সমবায় সমিতিগুলি শক্তিশালী হওয়ায় বর্তমানে রাজ্যে চিটফান্ডের দাপট নেই বললেই চলে। আগামী দিনেও সমিতিগুলিকে আরও শক্তিশালী করতে এর পরিচালনার দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁদের সমবায়ের আইনগত এবং আর্থিক বিষয়গুলি সম্পর্কে অবগত থাকা ভীষণ জরুরি। 
রাজ্যে বর্তমানে সাতটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এগুলিতে পর্যায়ক্রমে স্মার্ট ক্লাসরুম চালু করা হচ্ছে। চলতি মাসের শেষের দিকেই বর্ধমানের প্রশিক্ষণ কেন্দ্র স্মার্ট ক্লাসরুম চালু হতে চলেছে। এছাড়াও কোঅপারেটিভ এডুকেশন্যাল ইন্সট্রাক্টররা সমিতিগুলিতে গিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ