Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্বনির্ভর গোষ্ঠীকে ঋণপ্রদানের ‘টার্গেট’ বাড়াল রাজ্য সরকার, লক্ষ্য মহিলাদের আয়বৃদ্ধি

মহিলাদের রোজগার বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার ‘টার্গেট’ বৃদ্ধি করল রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর। গত বছর প্রায় ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে স্বল্প সুদে মোট ৩০ হাজার কোটি টাকা ঋণ প্রদান করেছিল ব্যাঙ্কগুলি।

স্বনির্ভর গোষ্ঠীকে ঋণপ্রদানের ‘টার্গেট’ বাড়াল রাজ্য সরকার, লক্ষ্য মহিলাদের আয়বৃদ্ধি
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মহিলাদের রোজগার বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার ‘টার্গেট’ বৃদ্ধি করল রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর। গত বছর প্রায় ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে স্বল্প সুদে মোট ৩০ হাজার কোটি টাকা ঋণ প্রদান করেছিল ব্যাঙ্কগুলি। সেই টাকায় মহিলারা বিভিন্ন সামগ্রী বানিয়ে বিক্রি করে প্রায় ১০০ কোটি টাকা আয় করেছিলেন। সেই জায়গায় ২০২৫-২৬ অর্থবর্ষে ঋণ দেওয়ার পরিমাণ ৩৫ হাজার কোটি টাকা করা হয়েছে। ব্যাঙ্কগুলিকে সেই মতো নির্দেশ দিয়েছে দপ্তর। তাদের আশা, মহিলারা আরও বেশি পরিমাণ ঋণ পেলে তাঁদের ব্যবসা আরও বাড়াতে পারবেন। স্বাভাবিকভাবেই বাড়বে রোজগার। প্রসঙ্গত, ঋণ নিয়ে ব্যবসার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির। শীর্ষস্থান দখলে রেখেছে অন্ধ্রপ্রদেশ।

Advertisement

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর করতে প্রতি বছর সরকারি উদ্যোগে ব্যাঙ্ক থেকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়। গত কয়েক বছর ধরে এই ঋণ প্রদানের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে পঞ্চায়েত দপ্তর। ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করে ঋণ প্রদানের লক্ষমাত্রা ঠিক করা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ নিতে কতটা আগ্রহ দেখাচ্ছেন, তার উপর নির্ভর করেই পরের বছরের ‘টার্গেট’ ঠিক হয়। গত বার লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার পাশাপাশি মহিলারা ঋণের টাকা কাজে লাগিয়ে নিজেদের রোজগার যথেষ্ট বৃদ্ধি করতে পেরেছেন। সেই কথা মাথায় রেখেই এ বছর বাড়ানো হয়েছে ঋণ প্রদানের পরিমাণ।
চলতি অর্থবর্ষে একটি স্বনির্ভর গোষ্ঠী যাতে ন্যূনতম দেড় লক্ষ টাকা ঋণ নেয়, তার উপর বাড়তি জোর দেওয়া হবে বলে ঠিক হয়েছে। সব মিলিয়ে সাড়ে ন’লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, ঋণ নিয়ে তা পরিশোধ করার প্রবণতাও যথেষ্ট বেশি। এক্ষেত্রে নন পারফর্মিং অ্যাসেটের (এনপিএ) হার ১.৩৬ থেকে কমে ১.১৮ শতাংশ হয়েছে।

সম্পর্কিত সংবাদ