নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার সমস্ত তথ্য তৈরি করে রাখতে বলল কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি অমৃতা বলেন, ‘আদালতের রায় নিয়ে বিস্তর চর্চা হয়। তাই কমিশন সম্পূর্ণ তথ্য তৈরি রাখুক। তার উপর ভিত্তি করেই রায় দেবে আদালত, যাতে রায়ের মাধ্যমে স্বচ্ছ ধারণা দেওয়া যায়।’
উল্লেখ্য, মামলার ভবিষ্যতের উপর এই নিয়োগের ভাগ্য নির্ভর করছে। বিষয়টি নিয়ে কমিশনকে আগেই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ কার্যকর করা হয়েছে বলে এদিন হাইকোর্টে জানায় কমিশন। শুনানিতে এদিন যোগ্য প্রার্থীদের তরফে আইনজীবী প্রতীক ধর সওয়াল করেন, নম্বর বিভাজনে বদল আনা হয়েছে কিন্তু নতুনদের জন্য বিস্তর সুবিধাও দেওয়া হয়েছে। নতুন রুল বৈষম্যমূলক নয়। যোগ্যরা যাতে কোনওভাবেই বঞ্চিত না হন, সেই বিষয়টি আদালতকে বিবেচনা করতে বলেছে সুপ্রিম কোর্ট।
যদিও বিচারপতি সিনহা মন্তব্য করেন, ‘এই ক্ষেত্রে দু’বার অভিজ্ঞতার নম্বর পাওয়ার সুবিধা পাবেন প্রার্থীরা। এমনটাই অভিযোগ উঠে এসেছে। এটা ঠিক নয়।’ তিনি এও বলেন, ‘কমিশন সমস্ত তথ্য তৈরি রাখুক। কতজন নতুন ও কতজন পুরোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, কোন ভিত্তিতে নম্বর বরাদ্দ হয়েছে, তার সমস্ত তথ্য তৈরি করে রাখলে প্রতিটি ধাপে আদালতের সুবিধা হবে।’