


মুম্বই, ৩ মে: ক্রিকেট থেকে সাময়িকভাবে নির্বাসিত করা হল দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাকে। ডোপিংয়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ডোপ টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টিকে অনিচ্ছাকৃত বলে ক্ষমাও চেয়েছেন এই প্রোটিয়া পেসার। তিনি জানিয়েছেন, আর কখনও ক্রিকেট খেলার বিষয়টিকে এত হাল্কাভাবে নেব না। আমি এখন সাময়িক নির্বাসনের মধ্যে রয়েছি। তবে খুব শীঘ্রই ফের খেলায় ফিরতে চাই, কারণ আমি ক্রিকেটকে খুব ভালবাসি।
চলতি বছরের আইপিএলের মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার এই পেসারকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনে গুজরাত টাইটান্স। কিন্তু রাবাডা আইপিএলে গুজরাতের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই দেশে ফিরে যান। অদ্ভূতভাবেই তাঁর চোট সংক্রান্ত কোনও সমস্যাও ছিল না। পাশাপাশি ফের কবে আইপিএলে যোগ দেবেন সেই বিষয়েও গুজরাত টিমের পক্ষ থেকেই কিছুই জানানো হয়নি। তখন থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করে। প্রথমদিকে জানা গিয়েছিল, ব্যক্তিগত কারণেই বাড়ি ফিরে গিয়েছেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, নিষিদ্ধ মাদক নেওয়ার কারণে তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।