লিঙ্কন: সবুজ উইকেটে লাল বলের কেরামতি। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের প্রস্তুতির শুরুটা মোটেই ভালো হল না লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়ালদের। ভারত ‘এ’ দলের হয়ে প্রথম বেসরকারি টেস্টের পয়লা দিনেই মুখ থুবড়ে পড়ল তারকাখচিত ব্যাটিং। টস হেরে ব্যাট করতে নেমে ধ্রুব জুরেল বাহিনী শেষ ১১৩ রানে। জবাবে দিনের শেষে নিউজিল্যান্ড ‘এ’ দল তিন উইকেটে তুলেছে ১৩৫। আপাতত ২২ রানের লিড নিয়েছে তারা।
বার্ট সাটক্লিফ ওভালের মাঠে ভারতীয় ইনিংসে ধস নামান ২৫ বছর বয়সি ডানহাতি পেসার সাইমন কিন। মাত্র ২৪ রানে পাঁচ উইকেট নেন তিনি। ক্রিকেটপ্রেমীদের নজর ছিল প্রধানত রাহুল ও যশস্বীর উপর। কিন্তু তৃতীয় ওভারেই ফেরেন রাহুল (০)। যশস্বীর সংগ্রহ ১৭। সাই সুদর্শন (০), জুরেল (১), ওয়াশিংটন সুন্দরের (০) ব্যর্থতার মধ্যেও লড়লেন যশ রাঠোর (অপরাজিত ৪৪) ও দেবদত্ত পাদিক্কাল (৩২)। যশের জন্যই একশোর গণ্ডি পেরোয় দল। জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল ওপেনিংয়েই তোলে ১৩২। কিন্তু এরপর আকিব নবি (২-৩১) ও মুকেশ চৌধুরি (১-৩০) ভারতীয় দলকে লড়াইয়ে ফেরান পরপর উইকেট নিয়ে। আকাশ দীপ ও অংশুল কম্বোজ অবশ্য উইকেট পাননি।



