বার্সেলোনা: লা লিগায় শুরুটা দারুণ হয়েছে বার্সেলোনার। টানা ৯ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে হান্স ফ্লিকের ছেলেরা। স্বাভাবিকভাবেই রবিবার ঘরের মাঠে মর্যাদার এল ক্লাসিকোয় ফেভারিট হিসাবেই মাঠে নামবেন ইয়ামাল-রাফিনহারা। পক্ষান্তরে, ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। কোচ হোসে মরিনহোর হাত ধরে গত দুই মরশুমের ট্রফির খরা কাটাতে মরিয়া বার্নাব্যুয়ের ক্লাবটি। তার আগে মর্যাদার লড়াইয়ে বার্সার একচেটিয়া আধিপত্য থামানোই লক্ষ্য থাকবে এমবাপেদের।
পরিসংখ্যান বলছে, শেষ পাঁচটি এল ক্লাসিকোর মধ্যে চারটিতেই জয় পেয়েছে বার্সা। ঘরের মাঠে শেষ তিন বছর কোনো মহারণ হারেনি কাতালন ক্লাবটি। চলতি মরশুমেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য কোচ হান্স ফ্লিকের। তবে চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে পিএসজি’র কাছে ২-৪ ব্যবধানে হার কিছুটা হলেও দলের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। অভিজ্ঞ জার্মান কোচ অবশ্য সেই হার ভুলে এল ক্লাসিকোয় নতুন ভাবে ছেলেদের লড়াইয়ের জন্য প্রস্তুত করছেন। তাঁর কথায়, ‘পিএসজি’র কাছে হারলেও মরশুমের অন্যতম সেরা ম্যাচ খেলেছি আমরা। অবশ্যই সেই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হবে। এল ক্লাসিকোর লড়াই সবসময় আলাদা। এর সঙ্গে অন্য কোনো ম্যাচের তুলনা হয় না।’ উল্লেখ্য, গত কয়েক মরশুম এল ক্লাসিকোয় নিয়মিত জাল কাঁপিয়েছিলেন রবার্ট লিওয়ানডস্কি। এবার তাঁর অভাব ঢাকাই চ্যালেঞ্জ ইয়ামাল-রাফিনহাদের।
রিয়াল মাদ্রিদ কোচ হিসাবে প্রথম ইনিংসে এল ক্লাসিকোয় ১৭ ম্যাচের মধ্যে ৫টিতে জয় পেয়েছিলেন মরিনহো। হেরেছিলেন ৬টি। এবার অবশ্য জয় দিয়ে মর্যাদার অভিযান শুরু করাই লক্ষ্য তাঁর। তবে কার্ড সমস্যায় রবিবার ভিনিসিয়াস জুনিয়রকে পাবে না রিয়াল। এমন পরিস্থিতিতে রিয়ালের ভরসা হতে চলেছেন এমবাপে, বেলিংহ্যাম, আর্দা গুলেররা।
ম্যাচ শুরু রাত ১-৩০। সরাসরি ফ্যান কোড অ্যাপে।



