নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মাকে খুন করেছি! এই কথাই রোজ ফ্ল্যাটের নীচে গিয়ে চায়ের দোকানে বলতেন এক যুবক। চায়ের দোকানে থাকা ব্যক্তিদের এই একটাই কথা শোনাতেন তিনি। লোকে তাকে মানসিক রোগীই ভাবত। কিন্তু আজ, শুক্রবার সকালে বিষয়টি অন্যদিকে মোড় নিল। প্রতিদিনের মতোই এদিন সকালে ওই চায়ের দোকানে গিয়ে যুবকটি বলতে থাকেন মাকে খুন করেছি। কিন্তু এদিন তাঁকে কাঁপতে দেখা যায়। সন্দেহ হয় ওই চায়ের দোকানে থাকা ব্যক্তিদের। দ্রুত ওই যুবকের ফ্ল্যাটে ঢুকতেই রক্ত হিম হয়ে যায় সকলের। ফ্ল্যাটের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। গলার নলি কাটা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে ওই যুবকের মায়ের। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেন তাঁরা।



