Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনার দলের উপর নিষেধাজ্ঞা তোলার জন্য ইউনুসকে চিঠি দিল ছ’টি আন্তর্জাতিক সংগঠন

আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আরও জোরালো হল। বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করল আন্তর্জাতিক মহল।

হাসিনার দলের উপর নিষেধাজ্ঞা তোলার জন্য ইউনুসকে চিঠি দিল ছ’টি আন্তর্জাতিক সংগঠন
  • ২২ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ঢাকা: আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আরও জোরালো হল। বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করল আন্তর্জাতিক মহল। এব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে চিঠি দিল ছ’টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। চলতি বছরের ১২ মে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলে ইউনুস সরকার। হাসিনার সরকারের পতনের পর থেকে প্রায় নিত্যদিনই আওয়ামি লিগের নেতা-কর্মীদের গ্রেফতার ও হেনস্তার অভিযোগ উঠেছে। চিঠিতে বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি ও মানবাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জিও জানিয়েছে সংগঠনগুলি। 

Advertisement

হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, ফর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউটের তরফে ওই চিঠি দেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থার হাল ফেরানোর পরামর্শ দেওয়া হয়েছে।  গুম করে দেওয়ার মতো ঘটনায় রাশ টানার কথাও বলা হয়েছে। সেই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনগুলি। পাশাপাশি আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার,  নাগরিক সমাজ ও এনজিও-গুলির অধিকার রক্ষা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক ন্যায় আদালতের সঙ্গে সহযোগিতার মতো বিষয়গুলির উপর নজর দিতে বলা হয়েছে। হাসিনার শাসনকালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনায় বিচারের উদ্যোগ নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে হাসিনার দলের বিরুদ্ধে ভিত্তিহীন মামলাগুলি অবিলম্বে বন্ধ করার কথাও বলা হয়েছে।
এদিকে, মঙ্গলবারই ঢাকায় বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামি লিগ ও তার শাখা সংগঠনগুলি। পুলিশ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১৩১ জনকে গ্রেফতার করেছে। 

সম্পর্কিত সংবাদ