Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর: কারচুপির আশঙ্কায় ‘ওয়ার রুম’  খুলে নথি যাচাই শুরু তৃণমূলের

শীর্ষ নেতৃত্বের নির্দেশে এসআইআর নিয়ে সক্রিয় হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। হাওড়ায় প্রতিটি বিধানসভায় তৈরি করা হচ্ছে একটি করে ওয়ার রুম।

এসআইআর: কারচুপির আশঙ্কায় ‘ওয়ার রুম’  খুলে নথি যাচাই শুরু তৃণমূলের
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শীর্ষ নেতৃত্বের নির্দেশে এসআইআর নিয়ে সক্রিয় হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। হাওড়ায় প্রতিটি বিধানসভায় তৈরি করা হচ্ছে একটি করে ওয়ার রুম। সেখানে থাকবে পর্যাপ্ত ল্যাপটপ ও ইন্টারনেট, কম্পিউটার জানা কয়েকজন। ওয়ার রুম থেকে দলীয় পদাধিকারীরা সরাসরি যোগাযোগ রাখবেন বুথ লেভেল এজেন্টদের সঙ্গে। পাশাপাশি ওয়ার্ড ও অঞ্চলভিত্তিক ক্যাম্প তৈরির কাজও চলছে জোরকদমে। 

Advertisement

চলতি সপ্তাহেই তৃণমূলের হাওড়া সদর সাংগঠনিক জেলায় উচ্চপর্যায়ের বৈঠক হয়। ভোটারের সংখ্যা অনুযায়ী কোন ওয়ার্ড বা অঞ্চলগুলিতে একাধিক ক্যাম্পের আয়োজন করতে হবে, তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়। মঙ্গলবার মধ্য হাওড়া তৃণমূলের তরফে নেতাজি সুভাষ রোডে ওয়ার রুমের উদ্বোধন করেন বিধায়ক অরূপ রায়। শহরের ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের ভোটার কার্ড সংক্রান্ত যেকোনও সমস্যার সমাধানের জন্য দলীয় পদাধিকারীরা থাকবেন সেখানে। সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত খোলা থাকবে ওয়ার রুম। ভোটারদের সাহায্যের জন্য ১৫ জনের একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। বালি বিধানসভার তরফে ইতিমধ্যেই জিটি রোডের কাবলিকুঠি এলাকায় ওয়ার রুম খুলে দেওয়া হয়েছে। বালির বিধায়ক বলেন, ‘বিএলওরা এলাকায় যাওয়ার সঙ্গেসঙ্গেই ওয়ার রুম থেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। কোনও বাসিন্দার নাম বা ঠিকানা নিয়ে ভোটার তালিকায় সমস্যা থাকলে যাতে দ্রুত যাচাই করা যায়, সেজন্য ওয়ার রুমে ইন্টারনেট বিষয়ে অভিজ্ঞ এমন পাঁচজনকে রাখা হয়েছে।’ ওয়ার রুমের কাজ শুরু হয়ে গিয়েছে ডোমজুড় বিধানসভাতেও। 
তৃণমূলের হাওড়া জেলা সদরের সভাপতি গৌতম চৌধুরী বলেন, ‘উত্তর হাওড়ায় দ্রুত ওয়ার রুম খোলা হবে।’ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, উত্তর ও মধ্য হাওড়া, শিবপুরের একাংশ, ডোমজুড়ের মতো বিধানসভাগুলিতে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে বাড়তি নজর দেওয়া হচ্ছে। এসআইআর চলার সময় যাতে বিরোধী শিবিরের তরফে কোনও কারচুপি না হয়, সে ব্যাপারে বুথ লেভেল এজেন্টদের বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশমতো তৃণমূলের পক্ষ থেকে বারাকপুরে লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ওয়ার রুম খোলা হয়েছে। সকাল থেকে উত্তর শহরতলির প্রতিটি পুরসভায় ওয়ার্ড ধরে ধরে তৃণমূলের ক্যাম্প অফিস চালু হয়েছে। ল্যাপটপ নিয়ে তৃণমূল কর্মীরা বসে মানুষের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। মাইক হাতে এসআইআর নিয়ে প্রচার করা হয়েছে প্রতিটি ক্যাম্প থেকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ