নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার, বাংলার মতো ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পথেই এবার উত্তর-পূর্ব ভারতে হবে ভোটার তালিকা শুদ্ধকরণের কাজ। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)। তবে এই প্রক্রিয়ায় বাদ রাখা হবে অসমকে। নির্বাচন কমিশনের শীর্ষ সূত্রে একথা জানা গিয়েছে। আগামী বছর অসমে নির্বাচন। ভোট বাংলা, তামিলনাড়ু, পুদুচেরিতেও। অথচ বাংলার মতো রাজ্যে এসআইআর শুরু হয়ে গেলেও অসমে তা হচ্ছে না। আগামী বছর ভোটের আগে এসআইআর করানো সম্ভব হবে বলে মনে করছে না কমিশন। কারণ, অসমে এনআরসির পাশাপাশি রয়েছে ‘ডি ভোটার’ বা ‘ডাউটফুল ভোটার’ নামে এক সমস্যা। তা নিয়ে মামলাও চলছে। তারই মধ্যে ফের তৃতীয় প্রক্রিয়া হিসেবে এসআইআর করা সম্ভব নয় বলেই জানিয়েছে কমিশন।



