শিলচর: নিজেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। সিজার, গর্ভধারণ সংক্রান্ত নানা জটিল অস্ত্রোপচার করেছেন। মেডিক্যাল কোনও সার্টিফিকেট না থাকলেও এক দশক ধরে নিজের পরিচিতি তৈরি করেছিলেন অসমের শিলচরের ‘চিকিৎসক’ পুলক মালাকার। কিন্তু শেষরক্ষা হল না ভুয়ো চিকিৎসকের। অপারেশন থিয়েটার থেকেই গ্রেপ্তার করা হয়েছে শিলচরের এই ‘মুন্নাভাই এমবিবিএস’কে। জানা গিয়েছে, শিলচরেরর দু’টি বেসরকারি হাসপাতালে বছর দশেক ধরে ‘চিকিৎসা’ চালিয়ে যাচ্ছিলেন তিনি। ৫০টিরও বেশি সিজার করেছেন তিনি। সদ্য গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিস। পুলকের সমস্ত সার্টিফিকেট, নথি যাচাই করা হয়। তারপরই তদন্তকারীরা নিশ্চিত হন তাঁর সমস্ত সার্টিফিকেট ভুয়ো। তিনি আসল চিকিৎসকই নন। এরপরই হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। সেই সময়ও একটি অপারেশন করছিলেন তিনি। অসমের শ্রীবুমির বাসিন্দা পুলককে সোমবার আদালতে তোলা হয়। পাঁচদিনের পুলিস হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।চলতি বছরের শুরুতে রাজ্য সরকার ভুয়ো চিকিৎসকদের ধরতে বিশেষ সেল তৈরি করে। এই সেল রাজ্য পুলিসের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এই বিশেষ ইউনিট ইতিমধ্যে ১০টির বেশি মামলায় অভিযোগ দায়ের করেছে।



