মুম্বই, ১২ মার্চ: হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে এসে পৌঁছল অপরিশোধিত তেল বোঝাই জাহাজ। ইরান এবং মার্কিন-ইজরায়েল যুদ্ধ আবহে এটিই হরমুজ প্রণালী দিয়ে ভারতে আসা প্রথম জাহাজ। লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজের নাম শেনলং সুয়েজম্যাক্স। এটি সৌদি থেকে অপরিশোধিত তেল নিয়ে মুম্বই বন্দরে এসে পৌঁছেছে। জাহাজে রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনের বেশি অপরিশোধিত তেল। জানা যাচ্ছে, ওই জাহাজটি গত ১লা মার্চ সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে অপরিশোধিত তেল বোঝাই করে। এরপর ৩ মার্চ সেখান থেকে ভারতের উদ্দেশে রওনা দেয়। জাহাজটি গত ৪ মার্চ হরমুজ প্রণালীতে ছিল। কিন্তু এরপর সেটির ট্র্যাকিং সিস্টেমটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মনে করা হচ্ছে, হামলার আশঙ্কা এড়াতেই জাহাজটি নিজের অবস্থান গোপন রেখেছিল। এরপর আজ অবশেষে জাহাজটি ভারতে এসে পৌঁছয়। যা জ্বালানি সংকটের আবহে ভারতের জন্য বড়সড় স্বস্তির খবর। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। কূটনৈতিক আলোচনার পরই দুটি ভারতীয় তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেয় ইরান। ইতিমধ্যেই ভারতে আসা ওই জাহাজ থেকে তেল বের করার প্রক্রিয়াও শুরু হয়েছে। সূত্রের খবর, ওই তেল পাঠানো হবে পূর্ব মুম্বইয়ের মহুল শোধনাগারে। জাহাজটিতে মোট ২৯ জন নাবিক, কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ভারতীয় ছাড়াও রয়েছেন পাকিস্তান এবং ফিলিপিন্সের নাগরিক।



