নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে চলেছে। প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে যে, অধিবেশন চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। দিনসংখ্যা পরে বাড়তেও পারে। বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে, তার প্রতিবাদে কোনও প্রস্তাব এই অধিবেশনে আনা হতে পারে। এছাড়া বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের উপর দেশের নানা প্রান্তে হেনস্তারও অভিযোগ সামনে এসেছে। এই বিষয়টি বিধানসভার বিশেষ অধিবেশনে উঠে আসতে পারে বলেই খবর।
ঘটনাচক্রে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নিজের মাতৃভাষা এবং মাতৃভূমি নিয়ে গর্ব কর। ছাত্রছাত্রীরা নিজের পরিচয় এবং অস্তিত্ব ভুলে যেও না। সবসময় মনে রেখ, বাংলাই আমাদের পরিচয়।’
ওই মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নেতারা বলেছিলেন বাংলা বলে কোনও ভাষা নেই! তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্তরা কোন ভাষায় কথা বলেছিলেন? যদি বিদ্যাসাগর না থাকতেন, তবে বিজেপি নেতারা বাবা-মায়ের নামটাও লিখতে পারতেন না। ভারতের স্বাধীনতায় বাংলার অবদান ওঁরা অস্বীকার করবেন কী করে! সেদিন ভারতকে তো বাংলাই পথ দেখিয়েছিল।