Bartaman Logo
১০ জুন, ২০২৬

স্কুল ফি: নয়া বিল দিল্লি সরকারের

বেসরকারি স্কুলগুলির খেয়ালখুশি ফি বৃদ্ধিতে রাশ টানতে তৎপর দিল্লির বিজেপি সরকার।

স্কুল ফি: নয়া বিল দিল্লি সরকারের
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বেসরকারি স্কুলগুলির খেয়ালখুশি ফি বৃদ্ধিতে রাশ টানতে তৎপর দিল্লির বিজেপি সরকার। মঙ্গলবার এসংক্রান্ত একটি বিলে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, স্কুলের ফি-তে রাশ টানতে একটি খসড়া বিল তৈরি করা হয়েছিল। এদিন তা মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে। এই সিদ্ধান্তকে অত্যন্ত দৃঢ় ও ঐতিহাসিক বলেও দাবি করেছেন তিনি।  মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১ হাজার ৬৭৭টি স্কুল রয়েছে। নয়া বিলে স্কুলগুলির জন্য গাইডলাইন, ফি নির্ধারনের পদ্ধতি উল্লেখ করা হয়েছে। সরকারি তরফে এধরনের উদ্যোগ এই প্রথম। 

Advertisement

রাজ্যের শিক্ষামন্ত্রী আশিষ সুদ জানিয়েছেন, নয়া বিধি জারি করার জন্য তিনটি কমিটি গঠিত হবে। স্কুলের পরিকাঠামোর উপর ভিত্তি করে তিনবছরের জন্য ফি নির্ধারণ করবে ওই কমিটি। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্কুলের শিক্ষক ও অভিভাবকদেরও মতামত নেওয়া হবে। গোটা প্রক্রিয়ায় তিনজন শিক্ষক ও পাঁচজন অভিভাবকও থাকবেন। লটারির মাধ্যমে তাঁদের বেছে নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, জেলাস্তরেও ১০ জনের কমিটি থাকবে। সেখানে দু’জন মহিলা ও তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের  একজন সদস্য থাকবেন। প্রসঙ্গত, স্কুলে বেপরোয়া ফি বৃদ্ধি নিয়ে দিল্লি সরকারকে নিশানা করেছিলেন বিরোধী দলনেত্রী আতিশি। গত ১৫ এপ্রিল রেখা গুপ্তা জানান, বেপরোয়া ফি বৃদ্ধি নিয়ে স্কুলগুলিকে নোটিস দেওয়া হয়েছে। তাঁর সরকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ফি বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে জেলাস্তরে কমিটিও তৈরি করে সরকার। অভিযোগ সত্যি হওয়ায় বেশ কিছু স্কুলকে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছিল। এবার সরকারি-বেসরকারি স্কুলে ফি-কাঠামো ঢেলে সাজাতে নয়া বিলে অনুমোদন দিল বিজেপি সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ