নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গ বিজেপিতে আমূল সংস্কার আসন্ন। দলবদলু কিংবা তৎকাল ‘মাতব্বর’দের দাপাদাপি শেষ করতে মরিয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। তাই পার্টির নয়া রাজ্য কমিটিতে ৭০ থেকে ৮০ শতাংশ নতুন মুখ আসার সম্ভাবনা জোড়ালো হচ্ছে। শুক্রবার কলকাতায় ছিলেন কেন্দ্রীয় পরিবশেমন্ত্রী ভুপেন্দ্র যাদব। অমিত শাহ সম্প্রতি তাঁকে বিধানসভা ভোটের আগে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে বাংলার দায়িত্ব দিয়েছেন। নির্বাচন সংক্রান্ত জরুরি বৈঠকের মাঝে হঠাৎই কেশব ভবন ছোটেন ভুপেন্দ্র যাদব। সেখানেই সংঘের তরফে রাজ্য কমিটিতে কেজো ও পরিষ্কার ভাবমূর্তি রয়েছে এমন নেতাদের রাখার পরমার্শ দেওয়া হয়েছে। যা একপ্রকার নির্দেশের শামিল। জানা গিয়েছে, বহু বছর ধরে কমিটিতে থাকা ‘অকেজো’ মুখ বাদ দিতে হবে। পুরনোদের যোগ্য সম্মান দিয়ে কমিটিতে স্থান দিতে হবে। পাশাপাশি যোগ্য নতুনদের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে। নেতা ধরে পদ পাওয়া দুর্নীতিগ্রস্তদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে গেরুয়া শিবির। সুকান্ত মজুমদারের কমিটিতে ছড়ি ঘোরানো এহেন বহু নেতার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ পৌঁছেছে আরএসএস’র বাংলা ইউনিটের সদর দপ্তর কেশব ভবনে। তৃণমূলের সঙ্গে সংশ্লিষ্টদের ‘সেটিং’-এর একাধিক তথ্য সেখানে উঠে এসেছে। তাই নেতাদের বাড়িতে ভালো-মন্দ পৌঁছে দিয়ে পার্টির বিভিন্ন কর্মসূচি থেকে ‘পয়দা’ তোলার খেলায় বিশেষজ্ঞদের এবার মাঠ ছাড়তে হবে, স্পষ্ট বার্তা দিয়েছে সংঘ।



