নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একে বলা যেতে পারে ‘পেইড ব্যাক বাই ওন কয়েন’। গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প বারংবার আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করতে চাইছেন, বাণিজ্যকে সামনে রেখে তিনিই ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন। তাঁর সাফ কথা, যুদ্ধের থেকে বাণিজ্য ভালো। আর এবার সেই বাণিজ্য-অস্ত্রেই আমেরিকাকে কড়া বার্তা দিচ্ছে ভারত। রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য কেউ করুক, এটা আমেরিকার পছন্দ নয়। বাইডেনের আমলেও কিন্তু ভারত সেই ফতোয়া মানেনি। এবার ট্রাম্পের ভারত-পাকিস্তান-কাশ্মীর নিয়ে নিত্যদিনের অতিশয়োক্তির জবাবে আরও বেশি করে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াচ্ছে ভারত। এবং যে দু’টি ক্ষেত্রে হোয়াইট হাউসের সবচেয়ে বেশি গাত্রোদাহ, সেই অস্ত্র এবং অশোধিত তেলেই। এটা নিঃসন্দেহে কূটনৈতিক মাস্টারস্ট্রোক। ভারত-পাকিস্তানের যুদ্ধের সময় নায়কের ভূমিকা পালন করেছে রাশিয়া থেকে আনা এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। মোট পাঁচটি এস-৪০০ পুতিনের দেশের থেকে কিনেছে ভারত। এখনও পর্যন্ত তিনটি ডেলিভারি হয়েছে। বাকি আরও দু’টি। কিন্তু ভারত এই সংখ্যা আরও বাড়াতে চায়। অর্থাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেমের নতুন চুক্তি হবে। তারই পাশাপাশি অত্যাধুনিক মিগ-২৯ ফাইটার জেট। আগামী সপ্তাহেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো যাচ্ছেন। তাঁর এই সফরের উদ্দেশ্য, নিরাপত্তা সংক্রান্ত ত্রয়োদশ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া। কিন্তু সরকারি সূত্রের খবর, এই সম্মেলনের ফাঁকেই দোভাল আরও বেশি সংখ্যক এস-৪০০ এডিএস কেনার বিষয়ে কথা বলবেন। ‘মিগ-২৯ কে’ ফাইটার জেটের ডিল তো আগেই হয়ে রয়েছে। তার মধ্যে থাকবে টেকনোলজি ট্র্যান্সফার ক্লজও। সেই সংখ্যাও বাড়ানো হবে। এবং বুঝিয়ে দেওয়া হবে, বন্ধু আর ‘প্রকৃত বন্ধু’র ফারাকটা কী।



