Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোহিত শূন্য, ঝোড়ো ব্যাটিং বিরাটের, বিজয় হাজারে ট্রফিতে রিঙ্কুর সেঞ্চুরি, চোট অঙ্গকৃশের

বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে একটা সময় কম নিউজপ্রিন্ট খরচ হয়নি। এখন উলটপুরাণ। ভারতীয় মহাতারকা দুরন্ত ফর্মে ধরা দিচ্ছেন।

রোহিত শূন্য, ঝোড়ো ব্যাটিং বিরাটের, বিজয় হাজারে ট্রফিতে রিঙ্কুর সেঞ্চুরি, চোট অঙ্গকৃশের
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে একটা সময় কম নিউজপ্রিন্ট খরচ হয়নি। এখন উলটপুরাণ। ভারতীয় মহাতারকা দুরন্ত ফর্মে ধরা দিচ্ছেন। তা সে আন্তর্জাতিক ক্রিকেটই হোক বা ঘরোয়া। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন। শুক্রবার দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধেও এগচ্ছিলেন তিন অঙ্কের দিকে। কিন্তু ক্ষণিকের ভুলে হাতছাড়া হয় সেঞ্চুরি। ৭৭ রানে স্টাম্পড আউট হয়ে ফেরেন তিনি। তাঁর ৬১ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার ও ১টি ছক্কা। পাশাপাশি ফিল্ডিং করার সময় ২টি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে দিল্লির ৭ রানের জয়ে নায়ক ভিকে। পাশাপাশি ক্যাপ্টেন ঋষভ পন্থও ৭০ রানের ইনিংস উপহার দেন। সেই সুবাদে প্রথমে ব্যাট করে দিল্লি ৯ উইকেটে তোলে ২৫৪। জবাবে ৪৭.৪ ওভারে ২৪৯ রানে আটকে যায় গুজরাত। ম্যাচের সেরা নির্বাচিত হন কোহলি। শোনা যাচ্ছে, বিজয় হাজারেতে আরও একটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Advertisement

বিরাট, পন্থ রান পেলেও গত ম্যাচে শতরান হাঁকানো রোহিত শর্মা শুক্রবার চূড়ান্ত ব্যর্থ। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে খাতাই খুলতে পারেননি তিনি। প্রথম বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন হিটম্যান। জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে এদিন রোহিতের খেলা দেখতে প্রচুর দর্শক মাঠে এসেছিলেন। প্রিয় তারকার ‘ডাক’ দেখে রীতিমতো স্তম্ভিত তাঁরা। হিটম্যানকেও ক্রিজ ছাড়ার সময় হতাশ দেখাচ্ছিল। প্রথম বলে আউট যেন বিশ্বাসই করতে পারছিলেন না। অবশ্য তাতে জয় আটকায়নি মুম্বইয়ের। ৫১ রানে তারা বশ মানায় উত্তরাখণ্ডকে। প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ৭ উইকেটে ৩৩১। হার্দিক তোমার ৯৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া সরফরাজ ও মুসির খান ভ্রাতৃদ্বয় হাফ-সেঞ্চুরি করেন। উভয়েরই সংগ্রহ ৫৫। জবাবে উত্তরাখণ্ড থামে ৯ উইকেটে ২৮০ রানে। তাঁদের হয়ে যুবরাজ চৌধুরি ৯৮ রানের ইনিংস খেলেছেন। তবে এই ম্যাচে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়েছেন অঙ্গকৃশ রঘুবংশী। ৩০তম ওভারে উত্তরাখণ্ডের সৌরভ রাওয়াতের ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারির ধারে মাটিতে আছড়ে পড়েন কেকেআরের তরুণ তুর্কি। মাথায় গুরুতর আঘাত লাগার পর যন্ত্রণায় ছটফট করতে থাকেন অঙ্গকৃশ। স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি। জানা গিয়েছে, জয়পুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।
অন্যদিকে, রিঙ্কু সিংয়ের দুরন্ত শতরানে চণ্ডীগড়কে ২২৭ রানে হারিয়েছে উত্তরপ্রদেশ। ১১টি চার ও ৪টি ছক্কা সহ ৬০ বলে ১০৬ রানের ইনিংস খেলেন রিঙ্কু। তবে পাঞ্জাবের হয়ে শুভমান গিল শুক্রবারের এই ম্যাচেও খেলেননি।

সম্পর্কিত সংবাদ