Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরের বাছড়াকুণ্ডু গ্রামের রাস্তা বেহাল, দ্রুত সংস্কারের দাবি

রাস্তার অবস্থা বেহাল! এলাকায় গাড়ি তো দূরের কথা, বাইকও ঢুকতে পারে না।

দাসপুরের বাছড়াকুণ্ডু গ্রামের রাস্তা বেহাল, দ্রুত সংস্কারের দাবি
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: রাস্তার অবস্থা বেহাল! এলাকায় গাড়ি তো দূরের কথা, বাইকও ঢুকতে পারে না। বৃষ্টি হলে সেই অবস্থা আরও করুণ হয়ে যায়। তাই দুর্ঘটনাগ্রস্ত রোগীকে বাড়ি থেকে বাঁশের দরজার পাটাতনে শুইয়ে পাল্কির মতো লম্বা বাঁশে ঝুলিয়ে কাঁধে করে নিয়ে যেতে হল হাসপাতালে। বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেল দাসপুর-১ ব্লকের বাছড়াকুণ্ডু গ্রামে।  বেহাল রাস্তার অবস্থা স্বীকার করেছেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ওই ব্লক সভাপতি সুনীল ভৌমিক। তিনি বলেন, আমাদের ব্লকের বাছড়াকুণ্ডু থেকে বালিপাতা পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য টাকাও বরাদ্দ হয়েছিল। কিন্তু ওই এলাকার কিছু বাসিন্দা রাস্তা সংস্কারের বিষয়ে সহযোগিতা না করায় সেই টাকা ফিরে গিয়েছে। সেজন্যই ওই রাস্তার দশা খুবই খারাপ।  আবারও ওই গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলাপ-আলোচনা করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Advertisement

মাস দেড়েক আগে বাইক দুর্ঘটনায় জখম হয়েছিলেন বাছড়াকুণ্ডু গ্রামের বাসিন্দা যুবক সুজন দলুই। হাসপাতালের চিকিৎসা করার পর বাড়িতেই ছিলেন। এদিন তাঁর ফের সমস্যা দেখা দিলে ফের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। ওই গ্রামের বাসিন্দা রণজিৎ দলুই, গণেশ দলুই, বিশ্বনাথ দলুই প্রমুখ বলেন, প্রায় পাঁচ দশক ধরে দাসপুর-মেদিনীপুর রাস্তার বালিপাতা থেকে আমাদের গ্রামের রাস্তাটি বেহাল। প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। গ্রামে কোনও গাড়ি ঢুকতে পারে না। সেজন্য এদিন সুজনের চিকিৎসার জন্য তাঁকে বাঁশের দরজার পাটাতনে শুইয়ে দড়ি দিয়ে সেই পাটাতনকে ডুলির মতো করা হয়েছিল। সেই পাটাতনকে একটি লম্বা বাঁশে করে ছ’জন কাঁধে নিয়ে ঝুলিয়ে বাস রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। স্থানীয়রা বলেন, এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও বহুবার এইভাবে বাঁশ,দড়ি এবং পাটাতন করেই রোগী, প্রসূতিদের চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। আমরা এর সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি। রণজিৎবাবুর সংযোজন, আমরা কাউকে দোষারোপ করতে  চাই না। আসলে আমাদের এলাকার বাসিন্দাদের ভাগ্যটাই খারাপ।  দরজার পাটাতনে  শুইয়ে  রোগীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ