Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় বালি গাড়ির দৌরাত্ম্যে ভেঙে চুরমার গ্রামের রাস্তা

বালির গাড়ির দৌরাত্ম্যে অতিষ্ঠ বড়ঞা ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দারা।

বড়ঞায় বালি গাড়ির দৌরাত্ম্যে ভেঙে চুরমার গ্রামের রাস্তা
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: বালির গাড়ির দৌরাত্ম্যে অতিষ্ঠ বড়ঞা ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। বালি বোঝাই গাড়ি চলাচলে গ্রামের রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত লিখিত অভিযোগ করলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি বলে জানা গিয়েছে। যদিও কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Advertisement

বাসিন্দারা জানিয়েছেন, বড়ঞা ব্লক এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী নদী। কিন্তু ময়ূরাক্ষীর বালি খাদানগুলিতে আর তেমন বালি পাওয়া যাচ্ছে না বলে দাবি। এখন বালি কারবারিদের নজর পড়েছে কানা নদীর উপর। স্থানীয় বেলগ্রামের এক বাসিন্দা বলেন, ২০০০ সালের বন্যায় কানা নদী এলাকায় বহু একর জমিতে বালির আস্তরণ পড়ে গিয়েছিল। ময়ূরাক্ষীতে আর বালি পাওয়া যাচ্ছে না বলে এখন বালি কারবারিদের নজর পড়েছে ওই জমিগুলিতে। এছাড়াও কানা নদী থেকেও প্রচুর বালি পাওয়া যাচ্ছে। সেখান থেকে দিনরাত ট্রাক্টর ও ডাম্পারে বালি চলে যাচ্ছে পুরনো বাদশাহি রাস্তা ধরে বিভিন্ন জায়গায়। এমনকী বালির গাড়ি যাতায়াতের জন্য মালিয়ান্দি বেলতলার কাছে ময়ূরাক্ষীর উপর অস্থায়ী রাস্তাও তৈরি করা হয়েছে। 
বেলগ্রামের অপর এক বাসিন্দা বলেন, কানা নদী থেকে বালি ভর্তি ট্রাক, ডাম্পার ও অসংখ্য ট্রাক্টর গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যাতায়াত করছে। ফলে গ্রামের রাস্তাগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। রাস্তার মাঝে দুই ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। রাজস্ব ফাঁকি দিতেই বালির গাড়িগুলি গ্রামের রাস্তা ধরছে। এইসব রাস্তায় ভূমি সংস্কার দপ্তরের চেকিং পয়েন্ট নেই। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বড়ঞা বিএলএলআরওকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 
এদিকে বালির গাড়ি যাতায়াতে রাস্তার ভয়ানক অবস্থার কথা জানিয়ে সম্প্রতি স্থানীয় পাঁচথুপি পঞ্চায়েত থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের পর মাস পেরোতে চাললেও কোনও সুরাহা হয়নি বলে দাবি। পাঁচথুপি পঞ্চায়েত প্রধান কেশবচন্দ্র সাহা বলেন, বালির গাড়ি যাতায়াতে একাধিক গ্রামের রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ফলে ছাত্রছাত্রীরা সাইকেল চালিয়েও যাতায়াত করতে পারছেন না। সব থেকে খারাপ বেলগ্রামের রাস্তা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ