সংবাদদাতা, বহরমপুর: সিনিয়র ফাস্ট ডিভিশন ক্রিকেট লিগে নন্দদুলাল রায় ক্রিকেট কোচিং সেন্টারকে ১২৭ রানে হারাল সবুজ সঙ্ঘ সেবা সমিতি। সবুজ সঙ্ঘের বোলারদের দাপটে কার্যত দাঁড়াতেই পারেনি নন্দদুলাল রায় ক্রিকেট কোচিং সেন্টার। ৩৭.২ ওভারেই তারা সব কটি উইকেট হারায়।
Advertisement
গত ২১ নভেম্বর বহরমপুর স্টেডিয়ামের দুই মাঠে শুরু হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিনিয়র ফাস্ট ডিভিশন ক্রিকেট লিগ। মাঝে বেশ কিছুদিন খেলা বন্ধ ছিল। গত শুক্রবার থেকে ফের লিগ পর্যায়ের খেলা শুরু হয়েছে। রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সবুজ সঙ্ঘ সেবা সমিতি। নির্ধারিত ৪৫ ওভারে সাত উইকেট হারিয়ে তারা ২৭৭ রান সংগ্রহ করে। দলের হয়ে ৬৭ বলে ৭০ রান করেন গৌরব যাদব। বল করতে নেমে গৌরব যাদব দুই উইকেট সংগ্রহ করেন। রান তাড়া করতে মাঠে নেমে সব কটি উইকেট হারিয়ে ১৫০ রান তোলে নন্দদুলাল রায় ক্রিকেট কোচিং সেন্টার। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, নির্দিষ্ট কারণে কয়েকদিন খেলা বন্ধ ছিল। শুক্রবার থেকে ফের শুরু হয়েছে। ধারাবাহিকভাবে চলবে।



