সংবাদদাতা, বহরমপুর: বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র মেনস ক্রিকেট লিগ ২০২৪-’২৫। মঙ্গলবার বহরমপুরে হল মুর্শিদাবাদ ডিএসএ (ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন) ও বীরভূম ডিসিএ দলের খেলা। বীরভূম জেলা দলকে ৬৩ রানে হারাল মুর্শিদাবাদ। লিগের প্রথম ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত মুর্শিদাবাদের খেলোয়াড়রা। ছ’টি গ্রুপে ১৮টি জেলা দল নিয়ে সোমবার থেকে ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট লিগ শুরু হয়েছে। ছ’টি জেলার মাঠে একইসঙ্গে খেলা চলছে। সোমবার মুর্শিদাবাদে কোচবিহারের মুখোমুখি হয়েছিল বীরভূম দল। কোচবিহারকে হারায় বীরভূম। মঙ্গলবার ৪৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বীরভূম জেলা দলের সামনে ৮ উইকেট হারিয়ে ৪৫ ওভারে ২৩২ রানের লক্ষ্যমাত্রা রাখে মুর্শিদাবাদ। রান তাড়া করতে গিয়ে ৩৯.২ ওভারে সব উইকেট হারায় বীরভূম জেলা দল। মাত্র ১৫৯ রান তারা তোলে। মুর্শিদাবাদের হয়ে সর্বোচ্চ ৫০ রান তোলেন কৃষ্ণেন্দু গোস্বামী। বল করতে নেমে চার উইকেট পান শিবেন মণ্ডল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, প্রথম পর্যায়ের শেষ খেলায়, আজ বুধবার মাঠে নামবে মুর্শিদাবাদ ও কোচবিহার।



